Sonia Gandhi: নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার হয়ে গিয়েছিলেন সনিয়া গান্ধী? বিজেপির দাবিতে হইচই – Bengali News | BJP Aurag Thakur Claims Sonia Gandhi’s Name Added in Electoral Roll Before She got Indian Citizenship
কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী।Image Credit source: PTI
নয়া দিল্লি: ভোটচুরি, বিহারের এসআইআর নিয়ে সরব হয়েছে কংগ্রেস। রাহুল গান্ধী তথ্য-প্রমাণও তুলে ধরেছেন। এবার পাল্টা জবাব বিজেপির। কেন্দ্রের শাসক দলের দাবি, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ভারতের নাগরিক হওয়ার আগেই তাঁর নাম ভোটার লিস্টে উঠে গিয়েছিল।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এ দিন দাবি করেন যে সনিয়া গান্ধী ভারতের নাগরিক হওয়ার তিন বছর আগেই তাঁর নাম ভোটার তালিকায় উঠে গিয়েছিল। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও একই দাবি করেছেন। এক্স মাধ্যমে তিনি এই নিয়ে পোস্টও করেছেন।
ইটালিতে ১৯৪৬ সালে জন্ম সনিয়া মাইনোর। ১৯৬৮ সালে রাজীব গান্ধীর সঙ্গে বিয়ের পর তিনি গান্ধী হন। বিজেপির পোস্টে দেখা যাচ্ছে, ১৯৮০ থেকে ১৯৮২ সালের যে ভোটার তালিকা তৈরি করা হয়েছিল, তাতে সনিয়া গান্ধীর নাম রয়েছে। এদিকে সনিয়া গান্ধী ভারতের নাগরিক হয়েছেন ১৯৮৩ সালে।
অমিত মালব্য লেখেন, “এটা নয়া দিল্লি কেন্দ্রের ১৯৮০ সালের ভোটার তালিকার ফোটোকপি। সনিয়া গান্ধী যখন ভারতের নাগরিক হননি, তখনই তিনি ভোটার হয়ে গিয়েছিলেন। এটা ভোটার তালিকায় কারচুপি নয়তো কী?”
বিজেপির দাবি, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়ে, যখন গোটা গান্ধী পরিবার প্রধানমন্ত্রীর বাসভবনে থাকত, সেই সময়ই ভোটার লিস্টে সনিয়া গান্ধীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। ১৯৮২ সালে তা ফের ডিলিট করে দেওয়া হয়। ১৯৮৩ সালে নাগরিকত্ব পাওয়ার পর ভোটার তালিকায় নাম তোলা হয়।
অমিত মালব্যের দাবি, সেই সময়ও জালিয়াতি করা হয়েছিল। তালিকায় নাম তোলার শেষ তারিখ ছিল ১ জানুয়ারি, এদিকে সনিয়া গান্ধী এপ্রিলে নাগরিকত্ব পেয়েছিলেন।
বিজেপির এই আক্রমণের জবাবে কংগ্রেসের তারিক আনওয়ার বলেন যে সনিয়া গান্ধী তাঁর নাম ভোটার তালিকায় তুলতে চাননি, সেই সময়ে নির্বাচন কমিশনের যিনি আধিকারিক ছিলেন, তিনি এই কাজ করেছিলেন। তাই নির্বাচন কমিশন দায়ী।
