Malda: পুলিশ কর্তার বাড়িতে ডাকাতির ছক, ‘দেবদূত’ দুই সিভিক – Bengali News | Malda Robbery plot foiled at police officer’s house, 3 arrested
পুলিশ কর্তার বাড়িতে ডাকাতির ছকImage Credit source: TV9 Bangla
মালদহ: পুলিশের ঘরেই ডাকাতির চেষ্টা। বাঁচাল সিভিক। ঝমঝমিয়ে বৃষ্টি। দুর্যোগপূর্ণ আবহাওয়া। সেই সুযোগে পুলিশ অফিসারের ফাঁকা বাড়িতে ডাকাতির ছক। তবে শেষ মুহূর্তে রাতে টহলরত দুই সিভিক ভলান্টিয়রের তৎপরতায় ভেস্তে যায় পরিকল্পনা। পুলিশ গিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম কাঞ্চন বেদ, ভোলা বেদ, রঞ্জন বেদ। বাড়ি মহেন্দ্রপুরের রামপুরে। যদিও বেশ কয়েকজন পালিয়েও যায়। তাদের খোঁজে তল্লাশি চলছে। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের এই সাফল্যে প্রশংসা এলাকাবাসীর।
হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় পশু হাসপাতালের কাছে সাব ইন্সপেক্টর বিপ্লব দাসের বাড়ি। যিনি এই মুহূর্তে দার্জিলিং জেলায় কর্মরত। বাড়িতে কেউ থাকেন না। রাত তখন ২টো বাজে। রাতে ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। অভিযোগ, প্রায় ১০ জনের দল সেখানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়।
এই সময় তাঁদের দেখতে পান দুই সিভিক ভলান্টিয়র পিন্টু দাস ও বিট্টু দাস। তাঁদের সন্দেহ হওয়াতে তাঁরা থানায় খবর দেন। তারপরেই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে তিন জনকে গ্রেফতার করে। ধৃতদের জেরা করে ডাকাতির এই পরিকল্পনার কথা জানতে পারে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। সিভিক ভলান্টিয়র পিন্টু বলেন, “আমাদের দেখেই আসলে সন্দেহ হয়েছিল। বুঝতে পারছিলাম, কিছু একটা করতেই জড়ো হয়েছে। সঙ্গে সঙ্গেই স্যরদের জানাই।”
