‘যত বড় স্টারের ছবি আসুক, আমি নার্ভাস নই’, কেন বলেছিলেন দেব? – Bengali News | Ankush shares a story related to Dhumketu
আগামিকাল মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে একটা ভিডিয়ো পোস্ট করেছেন অঙ্কুশ। একটা গল্প বলেছেন তিনি। প্রায় দশ বছর আগে দেশের বাইরে দেব আর যিশু সেনগুপ্তর সঙ্গে ‘কেলোর কীর্তি’ ছবির শুটিং করছিলেন নায়ক। একই গাড়িতে সকলে গল্প করতে-করতে শুটিংয়ে যেতেন।
অঙ্কুশের কথায়, ”সেই সময়ে দেবদা এই ছবির লুক নিয়ে খুবই এক্সাইটেড থাকত। সেই সময়ে আমাদের দেখিয়েছিল। যখন ন’ বছর আগে ছবিটার মুক্তির দিন ঠিক হয়েছিল, সেই সময়ে একজন বড় তারকার ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। আমি প্রশ্ন করেছিলাম, সেই ছবিটার সঙ্গে একই দিনে এই ছবিটা মুক্তি পাচ্ছে, তা নিয়ে কোনওরকম চিন্তা আছে কিনা। দেবদা বলেছিল, ”যত বড় স্টারের ছবিই আসুক, আমি নার্ভাস নই।” সেই সময় থেকে দেব যে ‘ধূমকেতু’ নিয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী ছিলেন, সে কথাই ভাগ করে নিয়েছেন নায়ক।
যে সময়ে ‘ধূমকেতু’ মুক্তি পাওয়ার কথা ছিল, তার প্রায় দশ বছর পর এই ছবিকে লড়তে হলো ‘ওয়ার টু’ ছবির সঙ্গে। সেখানে বাংলার বেশ কিছু হলে হিন্দি ছবিটিকে কোণঠাসা করে দিয়েছে বাংলা ছবিটা। অঙ্কুশ বাকি সকলের মতোই বাংলা ছবির এই ভালো সময়টাকে সেলিব্রেট করলেন। আবার ভিডিয়োর শেষে তিনি মনে করিয়ে দিয়েছেন, আগামিকাল ‘রক্তবীজ টু’ ছবির টিজার মুক্তি পাবে। এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। নায়কের কাজ এই ছবিতে তাক লাগানো হবে, তেমনই মনে করছেন অনুরাগীরা।