Chief Secretary: নির্বাচন কমিশনের তলব, বুধ সকালেই দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যসচিব পন্থ - Bengali News | Chief Secretary Manoj Pant is going to Delhi on Wednesday after ECI asks him to appear before them - 24 Ghanta Bangla News
Home

Chief Secretary: নির্বাচন কমিশনের তলব, বুধ সকালেই দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যসচিব পন্থ – Bengali News | Chief Secretary Manoj Pant is going to Delhi on Wednesday after ECI asks him to appear before them

Spread the love

বুধবার সকালে দিল্লি যাচ্ছেন মুখ্যসচিব মনোজ পন্থImage Credit source: TV9 Bangla

কলকাতা: ৪ অফিসারকে সাসপেন্ডের নির্দেশ না মানায় বাংলার মুখ্যসচিব মনোজ পন্থকে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। বুধবার বিকেল ৫টায় দিল্লিতে কমিশনের দফতরে ডাকা হয়েছে। নবান্ন সূত্রে খবর, দিল্লি যাচ্ছেন মুখ্যসচিব। বুধবার সকালে দিল্লি রওনা দেবেন তিনি। কমিশনের দফতরে নির্দিষ্ট সময়েই উপস্থিত হবেন।

রাজ্যে বিধানসভা নির্বাচনের এখনও ৮-৯ মাস বাকি। তার আগেই নবান্নের সঙ্গে কমিশনের সংঘাত ক্রমশ বাড়ছে। ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা বলে গত ৫ অগস্ট মুখ্যসচিবকে চিঠি দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। চার অফিসার ও এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআরেরও সুপারিশ করে। কিন্তু, রাজ্যের তরফে এই নিয়ে কোনও জবাব না পেয়ে ফের চিঠি দেয় কমিশন।

ওই চিঠিতে পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সময় বেঁধে দেয় কমিশন। সোমবার বিকেল ৩টা পর্যন্ত সময় দেওয়া হয় রাজ্যকে। রাজ্যের তরফে এক অফিসার ও ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া থেকে সরানো হয়। বাকি তিনজনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। রাজ্যের তরফে কমিশনকে চিঠি দিয়ে জানানো হয়, এটা প্রাথমিক পদক্ষেপ। রাজ্যের ব্যাখ্যা হল, জেলা প্রশাসনের আধিকারিকদের অনেক দায়িত্ব পালন করতে হয়। তার পাশাপাশি থাকে ইলেকটোরাল রোল সংক্রান্ত কাজ। এই অবস্থায় বিস্তারিত অনুসন্ধান ছাড়া অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে অন্যদের উপর প্রভাব পড়তে পারে।

রাজ্যের এই চিঠি পাওয়ার পরই মুখ্যসচিবকে বুধবার বিকেল ৫টায় দিল্লিতে কমিশনের দফতরে ডেকে পাঠানো হয়। জানা গিয়েছে, কমিশনের তলবের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। তারপরই ঠিক হয়, কমিশনের দফতরে যাবেন মনোজ পন্থ। বুধবার সকালেই তিনি দিল্লি রওনা দেবেন।

নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “সংবিধান যাঁরা তৈরি করেছিলেন, তাঁরা এই বিষয়টা মাথায় রেখেই বলেছিলেন, নির্বাচনকালীন সময় ছাড়া নির্বাচন কমিশনের কোনও সরকারের উপর কোনও কর্তৃত্ব নেই। কিন্তু, এখন দেখছি, এরা সমস্ত রীতি নীতি লঙ্ঘন করে উড়েপড়ে লেগেছে যে বিজেপির নির্দেশে কাজ করব, বিজেপির স্বার্থে কাজ করব। যেখানে ডবল ইঞ্জিন সরকার নেই, সেখানে ক্রমাগত হয়রানি করব। এই ব্যবস্থা বন্ধ হওয়া প্রয়োজন। ভারতের রাজনৈতিক দলগুলি ও জনগণ এটা মেনে নেবে না।

রাজ্যের শাসকদলকে তোপ দেগে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, “আপনি সাসপেন্ড করলেন না। আপনিই তদন্ত কমিটি গঠন করলেন। এই ইআরও-রা যে লগইন-পাসওয়ার্ড শেয়ার করে দুর্নীতি করেছেন, এ তো আপনারা করিয়েছেন। আপনি যাঁদের দিয়ে এ কাজ করিয়েছেন, তাঁদের সাসপেন্ড করলে চাপে পড়ে যাবেন। নির্বাচন কমিশনের কাছে আমাদের আর্জি, কড়া শাস্তি দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *