সাংসদের সঙ্গে দ্বন্দ্বে ইতি টানলেন অসিত মজুমদার, রচনাকে বললেন ‘বোনের মতো’
চুঁচুড়ার রাজনীতিতে তৃণমূলের দ্বন্দ্ব সামনে এসেছিল। তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের মধ্যে বেশ কয়েকদিন ধরে প্রকাশ্যে চলছিল বাকযুদ্ধ ও চাপানউতর। তবে রবিবার সেই দ্বন্দ্বে অবসান ঘোষণা করলেন বিধায়ক নিজেই। বললেন, ‘রচনা আমার বোনের মতো। আগামী দিনে আমরা একসঙ্গে কাজ করব।’
আরও পড়ুন: চুঁচুড়ায় বিধায়কের ভূমিকায় ক্ষুব্ধ রচনা, পদ ছাড়লেন অসিত ঘনিষ্ঠ কাউন্সিলর
গত সপ্তাহে চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম নির্মাণকে কেন্দ্র করে দুই জনপ্রতিনিধির মধ্যে শুরু হয় প্রকাশ্য বিবাদ। অভিযোগ উঠেছিল, সাংসদের তহবিল থেকে অর্থে ওই প্রকল্পে বিধায়ক অসিত মজুমদার আপত্তি তোলেন এবং স্কুলে গিয়ে শিক্ষিকাদের সঙ্গে অভদ্র আচরণ করেন। শিক্ষিকারা তাঁদের ক্ষোভ জানান রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছেই। তিনি পরিদর্শনে গিয়ে সরাসরি বিষয়টি সামনে আনেন। এরপরই তীব্র ভাষায় বিধায়ককে আক্রমণ করেন রচনা। হুঁশিয়ারি দেন, তিনি স্মার্ট ক্লাসরুম করবেনই। মানুষের পাশে থাকবেন। যাঁর যা করার আছে করে দেখাক। এই প্রকাশ্য বিবৃতিতে দলের অস্বস্তি বাড়ে।
রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য ক্ষোভের পরে যখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তখন সাংবাদিকদের প্রশ্নের মুখে সরাসরি প্রতিক্রিয়া জানাতে চাননি বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেছিলেন, এই বিষয়ে কোনও মন্তব্য করা হবে না। যদি তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে, তা হলে থানায় লিখিত আকারে তা জমা দেওয়া উচিত। যেহেতু মন্তব্যটি দলের সাংসদের পক্ষ থেকে করা হয়েছে, তাই তার উপর কোনও পাল্টা প্রতিক্রিয়া প্রকাশ করা হবে না। যা বলার, দলের ভিতরেই জানানো হবে। পাশাপাশি আরও বলা হয়, দলের সাংসদ যা প্রকাশ্যে বলতে পারেন, তা বলা হয় বিধায়কের পক্ষে সম্ভব নয়। তবে এটুকু জানানো জরুরি, যে স্কুল সংক্রান্ত বিষয়ে তাঁর নাম ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে তালিকাভুক্ত রয়েছে।
পরিস্থিতি সামাল দিতে শীর্ষ নেতৃত্ব সক্রিয় হয়। বিধায়ক অসিত মজুমদার প্রথমে মুখে কুলুপ আঁটলেও, রবিবার শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে অবস্থান বদলান। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, রচনার সঙ্গে কোনও বিরোধ নেই। ভুল বোঝাবুঝি হয়েছিল। এই বিভ্রান্তির নেপথ্যে বিরোধী বিজেপি ও সিপিএমের চক্রান্ত রয়েছে। তিনি আরও বলেন, রচনা ও তিনি একসঙ্গে নির্বাচন করেছেন। আগামী দিনেও একসঙ্গে কাজ করবেন। যদি তাঁর কথায় কেউ কষ্ট পেয়ে থাকে, তবে তিনি দুঃখিত।