ডাক্তারি পরীক্ষায় নকল ঠেকাতে শৌচাগারে পাহারা, কোচবিহার মেডিক্যালে কড়া নজরদারি - 24 Ghanta Bangla News
Home

ডাক্তারি পরীক্ষায় নকল ঠেকাতে শৌচাগারে পাহারা, কোচবিহার মেডিক্যালে কড়া নজরদারি

Spread the love

একটা সময় ছিল, যেখানে নকল রুখতে পরীক্ষার হলে বাড়তি নজরদারি থাকত। কিন্তু কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে নজর দিতে হচ্ছে শৌচালয়েও। কারণ, অতীতের ঘটনা কলেজ কর্তৃপক্ষকে বাধ্য করেছে এমন সিদ্ধান্ত নিতে। চলতি বছরের শুরুতেই এই কলেজে এমবিবিএস পরীক্ষায় শৌচাগারে ঘটে যাওয়া একাধিক অনিয়ম ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ উঠেছিল, শৌচাগারে বসেই বই খুলে উত্তর মুখস্থ করা হচ্ছে, মোবাইলে বাইরে থেকে নকল পাঠানো হচ্ছে। এমনকি সিসিটিভি ক্যামেরা সরিয়ে দেওয়া এবং শৌচালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। সেই সময় পাঁচ পরীক্ষার্থীর খাতা বাতিল করে দেয় কর্তৃপক্ষ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছে যায়। তারপরেই এমন সিদ্ধান্ত।

আরও পড়ুন: ওড়িশার-কাণ্ডের পুনারাবৃত্তি! ডাক্তারি পড়ুয়ার আত্মহত্যায় অগ্নিগর্ভ উদয়পুর

অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবারের পরীক্ষায় শুরু হয়েছে কড়াকড়ি। ৪ অগস্ট থেকে এমবিবিএস দ্বিতীয় বর্ষের প্যাথলজি, ফার্মাকোলজি ও মাইক্রোবায়োলজির পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষায় অংশ নিচ্ছেন ১০০ জন পড়ুয়া। পরীক্ষা চলবে ছ’দিন, শেষ হবে ১২ অগস্ট।

বিশেষ নজর দেওয়া হচ্ছে শৌচাগারের দিকে। পরীক্ষা চলাকালীন আলাদা শৌচালয় ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। সেই সময় শৌচাগারের সামনে সবসময় পাহারায় থাকবেন নিরাপত্তারক্ষীরা। কলেজ কর্তৃপক্ষ মনে করছে, নকল রুখতে এই পদক্ষেপ কার্যকর হবে। এখানেই শেষ নয়। কলেজ চত্বরে থাকবে পুলিশি নিরাপত্তা, থাকবে নিজস্ব নিরাপত্তা রক্ষীর দল। পাশাপাশি অনলাইন নজরদারির ব্যবস্থাও থাকছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও পর্যবেক্ষক পাঠানো হয়েছে। থাকবেন দু’জন অবজারভার, তাঁরা সরাসরি পরীক্ষা পরিচালনার উপর নজর রাখবেন।

নিরাপত্তা বাড়ানোর এই পদক্ষেপকে ঘিরে পরীক্ষার্থীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, পুরনো ভুলের দায়ে সবাইকে পর্যবেক্ষণের আওতায় আনা হচ্ছে। তবে অধ্যক্ষ নির্মলকুমার মণ্ডল জানাচ্ছেন, সরকারি বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা মেনেই সমস্ত কিছু করা হচ্ছে। বাড়তি কিছু নয়, শুধু আগের ভুল যাতে না হয়, সেটা নিশ্চিত করাই লক্ষ্য। একদিকে যেমন পরীক্ষা, অন্যদিকে ৪ অগস্ট থেকেই শুরু হচ্ছে কলেজে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়াও। তবে কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে, এইবার কোনওরকম অনিয়ম বরদাস্ত করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *