Balurghat: ছাত্রাবাসে ঢুকে বাচ্চাদের হাত ধরে টানাটানি, মহিলার পরিচয়ে স্তম্ভিত পুলিশও – Bengali News | Balurghat: Allegations of beating a woman on suspicion of having a son in Balurghat
মহিলাকে গণপিটুনির অভিযোগImage Credit source: TV9 Bangla
বালুরঘাট: ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠল বালুরঘাটের মঙ্গলপুরে ভারত সেবাশ্রম সঙ্ঘ এলাকায়। রবিবার বিকালে ওই মহিলাকে মারধর করে গ্রিলে বেঁধে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে বালুরঘাট থানায় নিয়ে আসে। এই ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে বালুরঘাট জুড়ে। পুলিশের প্রাথমিক অনুমান ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। তাঁর কাছ থেকে পাওয়া পরিচয়পত্র অনুযায় মহিলার নাম রীতা প্রামাণিক। বাড়ি বালুরঘাট শহরের উত্তর চকভবানি এলাকায়। ওই মহিলা মানসিক ভারসাম্যহীন কিনা তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
বালুরঘাট শহর সংলগ্ন মঙ্গলপুর এলাকায় ভারত সেবাশ্রম সঙ্ঘের ভেতরেই রয়েছে ছাত্রাবাস। জেলার বহু শিশু ওই ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে। এদিন বিকেলে ওই মানসিক ভারসাম্যহীন ওই মহিলা ছাত্রাবাসে গিয়ে বিভিন্ন শিশুকে নিজের সন্তান বলে হাত ধরে টানাটানি করে। এদিন বেশ কিছু শিশুর পরিবারের লোকেরা শিশুদের সঙ্গে আশ্রমে দেখা করতে যান। ওই মহিলাকে শিশুদের হাত ধরে টানাটানি করতে দেখে শিশু চোর সন্দেহে মারধর ও বেঁধে রাখে। পরবর্তীতে ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অন্যদিকে এবিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, “ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
