বন্ডেল গেটে দে’জ মেডিক্যালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা - 24 Ghanta Bangla News
Home

বন্ডেল গেটে দে’জ মেডিক্যালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

Spread the love

শহরে ফের ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। শনিবার বিকেলে আগুন লাগল বন্ডেল গেটের কাছে অবস্থিত ‘দে’জ মেডিকেল’-এর ওষুধ উৎপাদনকারী কারখানায়। মুহূর্তে আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে ওঠে। প্রাথমিকভাবে চারটি দমকল ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামলেও, আগুনের তীব্রতা দেখে পরে আরও ছ’টি ইঞ্জিন পাঠানো হয়। এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে দমকল সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা।

আরও পড়ুন: খিদিরপুরে আগুনে ক্ষতিপূরণ পেতে জমা পড়ল ৩৮৭ আবেদন, তৈরি হবে অস্থায়ী দোকান

দমকল সূত্রের খবর, এই কারখানাটি ওষুধ তৈরির কেন্দ্র হওয়ায় সেখানে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল শুরু থেকেই। রাসায়নিক মজুত থাকায় বিস্ফোরণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এমনটাই জানাচ্ছেন দমকল আধিকারিকেরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগার সময় ভিতরে ওয়েলডিংয়ের কাজ চলছিল। এক শ্রমিক জানান, ওই সময় ওয়েলডিংয়ের কাজ বন্ধ করে শ্রমিকরা বেরিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যেই আগুন লেগে যায়। ঠিক কী থেকে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার মূল কারণ এখনও স্পষ্ট না হলেও, প্রাথমিকভাবে দমকলের অনুমান, কারখানার রিপেয়ারিং চলাকালীন ওয়েলডিং থেকেই কোনওভাবে আগুন ছড়িয়ে পড়ে থাকতে পারে।

এদিকে, গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ঘন কালো ধোঁয়া। আর সেই সঙ্গে ছড়িয়ে পড়ে তীব্র পোড়া গন্ধ। এলাকা জনবহুল হওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়লে বিপদ হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়। তাই স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের এক আধিকারিক জানান, সেখানে প্রচুর কেমিক্যাল রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও কোনও হতাহতের খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *