Weather Update: উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘুরপাক খাচ্ছে ঘূর্ণাবর্ত, শনি থেকে সোম কেন ভয় বাংলার – Bengali News | Cyclone moving in North Gangetic West Bengal, heavy rains possible in some districts from Saturday to Monday
কলকাতা: আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দাপট আপাতত খুব একটা দেখা যাচ্ছে না। আবহাওয়া দফতর বলছে, ঘূর্ণাবর্ত সরেছে উত্তরবঙ্গের দিকে। আপাতত অবস্থান উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। ধীরে ধীরে আরও বেশি করে উত্তরবঙ্গের দিকে সরে যাবে। পুরোদমে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। আবহাওয়া দফতর বলছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা কিছুটা উপরে উঠে পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ যেমন কমবে তেমই উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।
শনিবার থেকে সোমবার উত্তরবঙ্গের একাধিক জেলায় থাকছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মতো উপরের দিকে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জল স্তর বাড়বে। ফের নতুন করে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ভারী বৃষ্টি হলে দার্জিলিং, কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও থাকছে।
তবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি একদমই হবে না এমনটা নয়, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়ায়। বৃষ্টি চলবে কলকাতাতেও। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা, দুই চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, বীরভূম ও দুই বর্ধমানে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে দু-এক জায়গায়। এরইমধ্যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তেই থাকছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৯৭ থেকে ৯৯ শতাংশের মধ্যে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫.১ মিলিমিটার।