Lok Sabha: SIR নিয়ে এবার উত্তাল হতে চলেছে সংসদ, কোমর বাঁধল ইন্ডি জোট - Bengali News | Opposition parties want special discussion over voter roll revision in Lok Sabha, write letter to Speaker - 24 Ghanta Bangla News
Home

Lok Sabha: SIR নিয়ে এবার উত্তাল হতে চলেছে সংসদ, কোমর বাঁধল ইন্ডি জোট – Bengali News | Opposition parties want special discussion over voter roll revision in Lok Sabha, write letter to Speaker

Spread the love

সংসদের বাইরেও বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী সাংসদরাImage Credit source: PTI

নয়াদিল্লি: বিহারে ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া নিয়ে সরব বিরোধীরা। উত্তপ্ত হয়েছে সংসদও। এবার ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া নিয়ে লোকসভায় আলোচনা চেয়ে অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখলেন ইন্ডি জোটের সাংসদরা। সেই চিঠিতে সই রয়েছে তৃণমূলেরও। তৃণমূলের পক্ষে সই করেছেন বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার।

আর মাস তিন-চারেকের মধ্যে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে সেই রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-র পর খসড়া ভোটার তালিকায় ৬১ লক্ষের নাম বাদ পড়ছে বলে জানা গিয়েছে। বিরোধীরা এই নিয়ে প্রশ্ন তুলেছে। SIR নিয়ে সংসদেও সরব হয়েছে বিরোধীরা। আবার বাংলায় নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজ শুরুর কথা ঘোষণা না করলেও আসরে নেমেছে শাসকদল তৃণমূল। কোনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে তারা রাস্তায় নামবে বলে ইতিমধ্যে ঘাসফুল শিবির হুঁশিয়ারি দিয়েছে।

এই পরিস্থিতিতে ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিলেন ইন্ডি জোটের সাংসদরা। চিঠিতে বিহারের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চিঠিতে বিরোধী সাংসদরা বলেন, ভোটের কয়েকমাস আগে এমনভাবে ভোটার তালিকা সংশোধনের কোনও নজির নেই। নির্বাচন কমিশন আবার ইঙ্গিত দিয়েছে, দেশজুড়ে এমন ভোটার তালিকায় সংশোধনের কাজ হবে। ভোটার তালিকা সংশোধনের কাজে স্বচ্ছতা, এই সময়কে বেছে নেওয়া নিয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করেন ইন্ডি জোটের সাংসদরা।

চিঠিতে আরও বলা হয়েছে, সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এমনকি, গত ২০ জুলাই সর্বদলীয় বৈঠকেও বিষয়টি তোলা হয়েছিল। কেন্দ্র জানিয়েছে,বাদল অধিবেশনে তারা সব ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত। তারপরও ভোটার তালিকা সংশোধন ইস্যু নিয়ে সংসদে আলোচনার জন্য কোনও সময় এখনও বরাদ্দ করা হয়নি।

ভোটার তালিকা সংশোধন সরাসরি ভোটাধিকার ও স্বচ্ছ নির্বাচনের সঙ্গে যুক্ত বলে চিঠিতে বলা হয়েছে। তাই, দেরি না করে দ্রুত বিশেষ আলোচনার জন্য আবেদন জানান ইন্ডি জোটের সাংসদরা। এদিন সংসদের বাইরে SIR-র বিরোধিতা করে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। এখন দেখার, বিরোধীদের এই দাবি নিয়ে লোকসভার অধ্যক্ষ কী সিদ্ধান্ত নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *