Kolkata: যাদবপুর থেকে গ্রেফতার বাংলাদেশি মডেল – Bengali News | One bangladeshi model arrest from kolkata
গ্রেফতার বাংলাদেশি মডেলImage Credit source: Tv9 Bangla
কলকাতা: কলকাতা থেকে গ্রেফতার এক বাংলাদেশি মহিলা। জানা যাচ্ছে পেশায় তিনি সেদেশের মডেল। পার্কস্ট্রিট থানার পুলিশ যাদবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে এই বাংলাদেশি মহিলাকে। ধৃতের নাম শান্তা পাল। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার, আধার কার্ড। কীভাবে এল তাঁর কাছে আধার-ভোটার? সেগুলি কি আদৌ বৈধ? সেই নিয়েই শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত এই মহিলা। পুলিশ সূত্রে খবর, ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। তবে বিভিন্ন জায়গায় ভিন্ন-ভিন্ন ঠিকানা দিয়ে থাকতেন তিনি। সম্প্রতি আবার এই শান্তা ঠাকুরপুকুর থানাতেও প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। সেখানেও ভিন্ন ঠিকানা। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের দুই নামী সংস্থারও মডেল ছিলেন তিনি। একাধিক বিউটি প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন।
গ্রেফতারির পরে পুলিশের সন্দেহ হয় এখানেই। এত ঠিকানা একজন মানুষের কীভাবে থাকতে পারে? এরপর তদন্ত শুরু হয়। তারপর ধৃতের কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার হয়। মেলে বাংলাদেশের মাধ্যমিকস্তরের অ্যাডমিট কার্ড। এমনকী বিমানসংস্থার আইডি কার্ডও। ঘটনার তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে পুলিশ প্রথমেই জানতে চাইছে কোন নথি দেখিয়ে বা কোন নথির ভিত্তিতে আধার কার্ড পেয়েছিলেন এই শান্তা। তার জন্য UIDAI কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে লালবাজার। শান্তার ফ্ল্যাট থেকে মেলা ভোট কার্ড বৈধ কি না এবং কোন নথির ভিত্তিতে ভোটার কার্ড পেয়েছেন তিনি, তা জানতেও নির্বাচন কমিশনে যোগাযোগ করেছে লালবাজার। রেশন কার্ডের নথির বিষয়ে জানতে খাদ্য দফতরে যোগাযোগ করা হচ্ছে।
