এবার মা অন্নপূর্ণা রূপে তৃণা, তাঁর পাশে শিব ‘পরশুরাম’-এর নায়ক – Bengali News | Trina saha will be seen as annapurna
মহালয়ার দিনে বিভিন্ন বিনোদন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান হয়। এবার স্টার জলসাতে দুর্গারূপে দেখা যাবে কোয়েল মল্লিককে। কোয়েল এর আগে বেশ কয়েকবার দুর্গারূপে দর্শকের সামনে এসেছেন। এবার সেই মহালয়ার বড় আকর্ষণ তৃণা সাহার অন্নপূর্ণা রূপ। বিনোদন চ্যানেলে ধারাবাহিকের প্রধান মুখ যাঁরা, তাঁদের দুর্গার বিভিন্ন রূপে দেখা যায় সাধারণত। স্টার জলসা সেভাবেই তাঁদের অনুষ্ঠান সাজাচ্ছে, বোঝা গেল। প্রোমোতে জোর দেওয়া হয়েছে ‘পরশুরাম’ ধারাবাহিকের প্রধান মুখ তৃণার উপর। পাশাপাশি হিয়া মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে। ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের হিয়া বাঙালির ড্রয়িংরুমে অত্যন্ত জনপ্রিয়।
এত দিন সন্ধে সাতটার সময়ে দেখা যেত সেই ধারাবাহিক। এবার সময় বদল হচ্ছে। সাড়ে পাঁচটায় দেখা যাবে সেই ধারাবাহিক। তবে এই মুহূর্তে বেশ কয়েকটা নতুন ধারাবাহিক আসার পরেও বেঙ্গল টপার হলো ‘পরশুরাম’। তৃণার কাজ দেখতে বিশেষভাবে পছন্দ করেন দর্শকরা। সেখানে ইন্দ্রজিত্ বসুর সঙ্গে জুটি বেঁধেছেন তৃণা। এবার অন্নপূর্ণা আর শিবের চরিত্রে তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে। সেই কারণে তৃণা-ইন্দ্রজিত্ জুটিকে মহালয়ার বিশেষ অনুষ্ঠানে দেখার আগ্রহ রয়েছে দর্শকদের মধ্যে।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার ক্ষেত্রেও তৃণা অনেক এগিয়ে রয়েছেন। ইনস্টাগ্রামে ২.১ মিলিয়ন ফলোয়ার তাঁর। অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্য়েই লিখতে শুরু করেছেন, মহালয়ার সকালে তৃণার অনুষ্ঠান দেখবেন তাঁরা। ধারাবাহিকের টিআরপির নিরিখে ‘পরশুরাম’ এক নম্বর জায়গা ধরে রাখতে পারবে কিনা, তা নিয়ে কি টেনশন করেন তৃণা? TV9 বাংলাকে অভিনেত্রী জানিয়েছেন, সময়ের সঙ্গে-সঙ্গে টেনশন কমেছে। তবে প্রতিদিন ভীষণ ভালো করে কাজটা করার চেষ্টা করেন।