Kapil Sharma Weight Loss: জিমের পথে না হেঁটেই ৬৩ দিনে ১১ কেজি, কপিল শর্মার ‘সিক্রেট’টা জানুন – Bengali News | Bollywood Actor and comedian Kapil Sharma lost 11 kg weight in just 63 days without gym and diet
Kapil Sharma Weight Loss: জিমের পথে না হেঁটেই ৬৩ দিনে ১১ কেজি, কপিল শর্মার ‘সিক্রেট’টা জানুন
নিয়মিত মদ্যপান, অস্বাস্থ্যকর জীবনযাপন… কোনওটাই বাদ ছিল না কপিল শর্মার। এই কারণেই একটা সময় অনেকটা ওজন বেড়ে গিয়েছিল কপিলের। এ বার ভারতের জনপ্রিয় কমেডিয়ান অল্প সময়ের মধ্যে অনেকটা ওজন কমিয়ে সকলকে চমকে দিয়েছেন। ঠিক কোন পথে এতটা ওজন কমিয়ে ফেললেন কপিল? এ বার সেটাই ফাঁস হয়েছে।
কপিল কীভাবে এই কঠিন সফরের মধ্যে দিয়ে গিয়েছেন এবং সফল হয়েছেন, সেটি ব্যখ্যা করেছেন তাঁর ফিটনেস ট্রেনার যোগেশ ভাতেজা। তিনি জানান, জিমের পথে হাঁটেননি কপিল। ওজন কমানোর জন্য কপিল ‘২১-২১-২১’ নিয়ম অনুসরণ করে সফল হয়েছেন।
কাজের সূচি এমনই থাকত কপিলের, তাতে তিনি কখনও সময়মতো খাবার খেতেন না। সারাদিনে যখন তখন ভাজাভুজি খেতেন। ছিল না পর্যাপ্ত ঘুম। এগুলো যে কোনও ব্যক্তির ওজন বাড়িয়ে দেয়। হুট করে ওজন বেড়ে গেলে অনেকেই জিমে ছোটেন, ওজন কমানোর জন্য কড়া ডায়েট মেনে চলেন। কপিল যদিও তেমনটা করেননি। তাঁর ফিটনেস ট্রেনার যোগেশ জানান, কপিলের ক্ষেত্রে পুরো সফরটাই বাড়িতেই হয়েছে। তাতে বিশেষ কাজ করেছে ‘২১-২১-২১’ নিয়মটি। যার ফল ৬৩ দিনে তিনি ১১ কেজি ওজন কমিয়ে ফেলেছেন।
এই ‘২১-২১-২১’ নিয়মটি কী?
এই নীতি অনুযায়ী দৈনন্দিন ডায়েট ও শরীরচর্চাকে ২১ দিন করে মোট তিনটি পর্বে ভাগ করা হয়। কপিলের ফিটনেস ট্রেনার জানান, প্রথম ২১ দিনে পুরো হালকার মধ্যে দিয়ে গিয়েছিলেন কপিল। ওই সময় শরীরের বিভিন্ন স্ট্রেচিংয়ের উপরে মনযোগ দিয়েছিলেন কপিল। এই শুরুর ২১দিন ডায়েটের কোনও বালাই থাকে না। তবে এই ২১ দিনের প্রত্যেকটা দিন অন্তত একবার শরীরচর্চা করতেই হবে।
এরপর দ্বিতীয় পর্বে ২১ দিনে ব্যক্তির ডায়েটে বদল আনতে হয়। কপিলের সঙ্গেও সেটাই করা হয়েছিল। যেমন চিনির জায়গায় কপিল গুড় দেওয়া জিনিস খেতেন। তাঁর খাবারে শাক সব্জির পরিমাণ বাড়ানো হয়েছিল। এই সময়ে বেশি রাত করে খাবার খাওয়া যাবে না, তা বলে দেওয়া হয়েছিল। আর শরীরচর্চা তো রুটিনে ছিলই।
ওজন কমানোর পথে তৃতীয় ধাপে ২১ দিন ধূমপান, মদ্যপান ও কফি পানের আসক্তিকে নিয়ন্ত্রণে রাখতে হয়। কপিল শর্মাও সেটা মেনে চলেছিলেন। এভাবে সুস্থ জীবনযাপনের মধ্যে দিয়ে যেতে যেতে কপিল ওজন কমিয়ে ফেলেন। এবং সকলকে চমকে দেন।