Anubrata Mondal: ১০ মিনিটের খেল, মমতা-দর্শনেই রাজপাট ফিরে পেলেন কেষ্ট! - Bengali News | TMC leader Anubrata Mondal again gets Y plus category security - 24 Ghanta Bangla News
Home

Anubrata Mondal: ১০ মিনিটের খেল, মমতা-দর্শনেই রাজপাট ফিরে পেলেন কেষ্ট! – Bengali News | TMC leader Anubrata Mondal again gets Y plus category security

ফের ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেলেন অনুব্রত মণ্ডলImage Credit source: TV9 Bangla

বীরভূম: ২ দিন আগেই বীরভূমে জেলা তৃণমূলে বড় দায়িত্ব পেয়েছেন তিনি। এবার আগের মতো ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেলেন ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর শেষেই বাড়ানো হল তাঁর নিরাপত্তা। পুলিশ সূত্রে খবর, অনুব্রতর ব্যক্তিগত দেহরক্ষী ও বাড়ির নিরাপত্তারক্ষীর সংখ্যা পুনরায় বাড়ানো হয়েছে।

দিন তিনেক আগেও জেলা তৃণমূলে অনুব্রতর প্রভাব কমা নিয়ে আলোচনা চলছিল। তখনও তিনি বীরভূমে শাসকদলের জেলা কোর কমিটির একজন সদস্য মাত্র। রবিবার ২ দিনের সফরে বীরভূমে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধেয় জেলা কোর কমিটির অন্য সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁরা চলে যাওয়ার পর মমতার সঙ্গে দেখা করতে রাঙাবিতান গেস্ট হাউসে পৌঁছন কেষ্ট। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে মিনিট দশেক কথা হয় তাঁর।

সোমবার জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। তারপরই অনুব্রতকে কোর কমিটির আহ্বায়ক করা হয়। জেলা তৃণমূলে ফের গুরুত্ব বাড়ার পর এবার কার্যত রাজ্যপাট ফিরে পেলেন একসময়ের বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই শাসক নেতা। আগের মতোই তাঁকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হল।

এদিন তাঁর বাড়ির সামনে আগের মতো পুলিশের গাড়ি দেখা গেল। তাঁর সঙ্গেও সেই আগের মতো পুলিশকর্মীদের দেখা গেল। এদিন কেষ্টকে দেখে অনেকে বলছেন, ঠিক যেন ২০২২ সালের অগস্টের আগের অনুব্রত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *