হাসনাবাদে ভোটার তালিকায় বাংলাদেশি দম্পতি, জানিয়েও কাজ হয়নি দাবি স্থানীয়দের - 24 Ghanta Bangla News
Home

হাসনাবাদে ভোটার তালিকায় বাংলাদেশি দম্পতি, জানিয়েও কাজ হয়নি দাবি স্থানীয়দের

Spread the love

রাজ্যের ভোটার তালিকায় ফের খোঁজ পাওয়া গেল বাংলাদেশির। এবার উত্তর ২৪ পরগনার হাসনাবাদে বাংলাদেশি দম্পতির নাম পাওয়া গেল ভোটার তালিকায়। ঘটনার খবর চাউর হতে বেপাত্তা হয়ে গিয়েছেন ওই দম্পতি। ওদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনকে এব্যাপারে বার বার জানালেও কর্ণপাত করেননি তাঁরা।

জানা গিয়েছে, হাসনাবাদ থানা এলাকার মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকার ভোটার লিস্টে নাম রয়েছে বাংলাদেশি নাগরিক আকবর আলি গাজি ও তাঁর স্ত্রী ফারহানা গাজির। ২০১৯ সাল থেকে ভোটার তালিকায় নাম রয়েছে তাঁদের। সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের সময় বিষয়টি নজরে আসে। তার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না দম্পতির।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। বিজেপির দাবি, তৃণমূলের প্রত্যক্ষ মদতে এই ২ বাংলাদেশির নাম ভোটার তালিকায় তোলা হয়েছে। রাজ্যের সীমান্তবর্তী এলাকারগুলির ভোটার তালিকায় এরকম বহু বাংলাদেশির নাম রয়েছে। অভিযুক্ত আকবর আলি গাজি মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের ১০০ দিনের কাজের সুপারভাইজ়ার গিয়াসউদ্দিনের বাড়িতে থাকতেন। গিয়াসউদ্দিন তৃণমূল কংগ্রেস কর্মী।

ওদিকে গিয়াসউদ্দিনের দাবি, আকবর আলি গাজি তাঁর কাকা। তিনি ভারতেই জন্মেছেন। ভারতেই পড়াশুনো করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশে থাকেন। চিকিৎসা করাতে তিনি মাঝেমাঝে ভারতে আসেন। তাঁর নাম কী করে ভোটার তালিকায় উঠল জানি না।

ওদিকে স্থানীয়দের অভিযোগ, ২০১৯ সাল থেকে আকবর ও তাঁর স্ত্রীর নাম ভোটার তালিকায় রয়েছে। স্থানীয় প্রশাসনিক আধিকারিক ও তৃণমূল নেতাদের বারবার জানালেও তাঁরা পদক্ষেপ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *