Supreme Court: ১ অগস্ট ভোটার তালিকার খসড়া প্রকাশে স্থগিতাদেশ নয়! পরিচয়পত্র হিসাবে ভোটার-আধার নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের – Bengali News | No stay on publication of draft voter list on August 1, Supreme Court makes major observation on voter Aadhaar as identity card
নয়া দিল্লি: বিহারের SIR মামলায় পূর্বনির্ধারিত পয়লা অগস্ট ভোটার তালিকার খসড়া প্রকাশের উপর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ। তবে এদিন ফের অন্তত ভোটার কার্ড এবং আধার কার্ডকে গ্রহণযোগ্য পরিচয়পত্র হিসেবে গণ্য করার বিষয়টি বিবেচনা করতে বলে সুপ্রিম কোর্ট।
এদিন আবেদনকারী সংগঠন ADR এর তরফে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন খসড়া ভোটার তালিকা প্রকাশের উপর স্থগিতাদেশের আবেদন করেন। একইসঙ্গে, ভোটার রেশন আধার কার্ডকে গ্রহণযোগ্য পরিচয়পত্রের নথি হিসেবে গণ্য না করায় আদালতের নির্দেশকে অমান্য করা হয়েছে বলে জানান মামলাকারী সংগঠনের আইনজীবী।
যদিও জাতীয় নির্বাচন কমিশনের তরফে আইনজীবী রাকেশ দ্বীবেদি বলেন, এটি মূলত একটি খসড়া তালিকা। চূড়ান্ত তালিকা নয়। প্রসঙ্গত, এর আগের দিন শুনানের সময় কমিশনের তরফে জানানো হয়েছিল প্রচুর জাল আধার কার্ড আছে। এদিন এ বিষয়ে বিচারপতি সূর্যকান্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ, পৃথিবীতে যে কোনও নথি জাল করা যেতে পারে। যদি কোথাও জাল পরিচয়পত্র পাওয়া যায়, তখন সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে এই মামলার কবে থেকে বিস্তারিত শুনানি হবে তা মঙ্গলবার জানাবে সুপ্রিমকোর্ট।