CM Mamata Banerjee: ‘আমি কোনও ভাষার বিরোধী নই, বিভেদকামী পলিসির বিরুদ্ধে’, রবিভূমে গর্জে উঠলেন মমতা – Bengali News | Chief Minister Mamata Banerjee is back on the road, what did Mamata say at the language movement procession in Bolpur
বোলপুর: ভাষা আন্দোলন হাতিয়ার করে পথে তৃণমূল। বাঙালি অস্মিতায় শান দিয়ে ফের পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিভূমে ভাষা আন্দোলনের মিছিলে উঠল তৃণমূলের ঝড়। রবি ঠাকুরের ছবি নিয়ে বোলপুরে পদযাত্রা করলেন মমতা। বাকিদের হাতে দেখা গেল বাংলা বর্ণমালার নানা অক্ষর। মঞ্চ থেকেই মমতার সাফ কথা, “আমি কোনও ভাষার বিরোধী নই। কিন্তু, যে কোনও বিভেদকামী পলিসির বিরোধী আমি। আমি দেশের ঐক্য চাই। বিবিধের মাঝে মিলন আমাদের মধ্যেই রয়েছে।”
প্রসঙ্গত, হরিয়ানা থেকে মহারাষ্ট্র, ওড়িশা, বাংলার একাধিক রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে। উঠেছে নির্মম অত্যাচারের অভিযোগ। বাংলা বললেই বাংলাদেশি সন্দেহে আটক করে চলছে অত্য়াচার। অভিযোগ এমনটাই। বারেবারে সুর চড়িয়েছেন মমতা। এবার একেবারে রবিভূমে তুললেন জোরাল আওয়াজ। মঞ্চ থেকে বললেন, “বাংলাদেশের মানুষরা যাঁরা স্বাধীনতার পরে আইনত বাংলায় এসেছেন ১৯৭১ সালের মার্চ মাস অবধি তাঁদের কথার টানে এখনও বাংলাদেশের ভাষা রয়ে গিয়েছে। কারণ, আগে ইউনাইটেড ইন্ডিয়া ছিল, দেশটা আলাদা ছিল না। এখন বাংলাদেশ আলাদা, পাকিস্তান আলাদা, ভারতবর্ষ আলাদা। আমরা ভারতবর্ষের নাগরিক।”
এরপরই বাঙালি হেনস্থার বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, “সবাই কী একই ভাষায় কথা বলে? বলে না। বীরভূমের গ্রামে চলে যান। আমরা বলি কোথায় গিয়েছিলে, ওরা বলে কতি গিয়েছিলি, কেমন আছিস বটে! মুর্শিদাবাদ, বর্ধমান, রাজবংশীদের, মতুয়াদের একটা টিপিক্যাল ভাষা রয়েছে। আমি কোনও ভাষার বিরোধী নই। কিন্তু, যে কোনও বিভেদকামী পলিসির বিরোধী আমি। আমি দেশের ঐক্য চাই। বিবিধের মাঝে মিলন আমাদের মধ্যেই রয়েছে।”