‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কবে থেকে শুরু হচ্ছে? নবান্ন থেকে জেলাশাসকদের কাছে কী কী নির্দেশ এল?
সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন। তাঁর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২২ জুলাই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নামে একটি নতুন কর্মসূচি ঘোষণা করেন। এর মাধ্যমে সরকারি পরিষেবা এবং কোনও এলাকায় কোনও সমস্যা থাকলে তার সমাধান যেন দ্রুততার সঙ্গে হয় সে দিকে খেয়াল রাখা হবে। এই কর্মসূচি প্রসঙ্গে নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
আরও পড়ুন: বোলপুর থেকে শুরু হবে মমতার ভাষা আন্দোলন! সোমে দিদির পৈতৃক ভিটেতে কোন কর্মসূচি?
সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, চলতি বছরের ২ অগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। এর জন্য নানা জায়গায় শিবির করা হবে। তারপর সেখানে নানা এলাকার মানুষ তাঁদের সমস্যা বিয়ে যাবেন এবং আবেদনপত্র জমা দেবেন। যে সব আবেদন জমা পড়বে সেখানে সমস্যার গুরুত্বের মূল্যায়ন করে ফেলতে হবে ১৫ নভেম্বরের মধ্যে। তারপর আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে কাজ শুরু হবে যাবে।
রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এই কর্মসূচির বিষয় আলোচনা করার জন্য একটি ভার্চুয়াল মিটিং করেন। সেখানে তিনি জেলাশাসকদের বেশ কিছু নির্দেশও দেন। সেখানে বলা হয় প্রতিটি শিবিরে সরকারি আধিকারিকরা তো থাকবেন বটেই, তাছাড়াও তাঁদের সঙ্গে যেন স্থানীয় প্রতিনিধিরাও থাকেন। তাছাড়া এরকম একটি সুবিধা যে সকলে পেতে চলেছেন তা যেন সকলকে আগে থেকেই জানানো হয় প্রচারের মাধ্যমে। তাছাড়াও এখানে যে সমস্ত সমস্যা আনা হবে, তার সঠিক তালিকা ও সমাধান হিসেবে কী কী পদক্ষেপ করা হচ্ছে বা হবে, বা সেই কাজ কত দূর এগোলো তার সবটাই যেন রাজ্য সদর দফতরে পাঠানো হয়। কারণ এই রিপোর্টের উপর ভিত্তিত করে এরপর কীভাবে কাজ এগোবে তা নির্ধারণ করা হবে।
আরও পড়ুন: পঠনপাঠন বন্ধ রেখে সংঘ-ঘনিষ্ঠ সংগঠনের সম্মেলন স্কুলে, ক্ষুব্ধ অভিভাবকরা
জানা গিয়েছে এই যে শিবিরগুলো হবে সেগুলোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে রাজ্যের কোষাগার থেকে মোট ব্যয় হবে প্রায় ৮০ হাজার কোটি টাকা। রাস্তা নির্মাণ, নলকূপ বসানো, গ্রামীণ সেতুর মেরামতি, স্কুলের পরিকাঠামো উন্নয়ন, পানীয় জলের কল বসানো মতো নানা গুরুত্বপূর্ণ কাজ করা হবে এই শিবিরের মাধ্যমে। নবান্ন থেকে সরাসরি মুখ্যসচিব এ বিষয়ে নজরদারি চালাবেন।