Medinipur: কলেজের গেটে তালা, হোমিওপ্যাথি কলেজে বিক্ষোভ ছাত্রছাত্রীদের – Bengali News | Medinipur College gate locked, students protest at Homeopathy College
কলেজের গেটের সামনে বিক্ষোভImage Credit source: TV9 Bangla
মেদিনীপুর: হঠাৎ করেই কলেজ গেটে তালা, কলেজে ঢুকতে পারছেন না ছাত্রছাত্রীরা। এরকমই অভিযোগ হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের ।
গত প্রায় এক সপ্তাহ ধরে একাধিক দাবিতে মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন কলেজ গেটের সামনে। শুক্রবার কলেজে এসে ছাত্র ছাত্রীরা দেখেন অ্যাকাডেমিক বিল্ডিংয়ের গেটে তালা লাগানো । ফলে গেটের বাইরেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন । অভিযোগ প্রিন্সিপাল গেটে তালা দিয়ে চলে গিয়েছেন এবং চাবি খুলতে না বলে গিয়েছেন।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ, এই মেডিক্যাল কলেজে পড়াশোনার হাল তথৈবচ । বিগত কয়েকদিন ধরে কলেজের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে তাই অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন কলেজে ছাত্রছাত্রীরা।
এক কলেজ ছাত্রী বলেন, “অনেক স্বপ্ন নিয়ে কলেজে ভর্তি হয়েছিলাম। কিন্তু কলেজে ঠিকমতো ক্লাসই হয় না। কলেজে শিক্ষকরাও আসেননা অনেক সময়ে। এইভাবে চলতে থাকে পরীক্ষায় ভাল ফল হবে কীভাবে!” ছাত্রছাত্রীদের অভিযোগ, কলেজ গেটেই তালা দিয়ে দিয়েছেন প্রিন্সিপাল। কলেজ কর্তৃপক্ষের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
