‘মুসলিমদের ক্ষোভ প্রশমণ করতে হুমায়ুনকে দিয়ে নতুন দল বানাচ্ছে তৃণমূলই’ - 24 Ghanta Bangla News
Home

‘মুসলিমদের ক্ষোভ প্রশমণ করতে হুমায়ুনকে দিয়ে নতুন দল বানাচ্ছে তৃণমূলই’

Spread the love

রাজ্যের মুসলিমদের একাংশের ক্ষোভ প্রশমণ করতে হুমায়ুন কবিরকে দিয়ে নতুন দল তৈরির পরিকল্পনা করেছে তৃণমূলই। বুধবার সন্ধ্যায় দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এদিন তিনি বলেন, তৃণমূল বিধায়করা বুঝে গেছেন যে তৃণমূলের বিদায় নিশ্চিত।

শমীকবাবু বলেন, ‘তৃণমূলের বিদায় নিশ্চিত। এটা তৃণমূলের বিধায়করাও বুঝে গেছেন। ক্রমবর্ধমান জনরোষ আছড়ে পড়ছে তাদের ওপরে। তাই নিজেদের মধ্যে বিভিন্ন ধরণের সংঘাত তৈরি হচ্ছে। হুমায়ুন কবিরকে মানুষ চেনেন। তিনি অনেক বার দল পরিবর্তন করেছেন। তার বক্তব্যও মানুষ শুনেছে। তিনি একটা নতুন দল করছেন, না কি তৃণমূল তাঁকে দিয়ে একটা দল করিয়ে নিচ্ছে ক্ষোভ প্রশমিত করার জন্য সেটা যে অঞ্চলে তিনি দলটি করবেন সেই অঞ্চলের মানুষ বুঝতে পারবেন।’

বিজেপির রাজ্য সভাপতির দাবি, ‘সংখ্যালঘু, সংখ্যাগুরু করে অবিভক্ত জনসমাজকে ভেঙে টুকরো করার রাজনীতি বিজেপি কোনও দিন করেনি। বিজেপি পশ্চিমবঙ্গবাসীর জন্য কথা বলছে। হিন্দু বা মুসলমানের জন্য নয়।’

বুধবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন, ১৫ অগাস্টের মধ্যে দলীয় নেতৃত্ব বহরমপুর জেলা নেতৃত্বের বিরুদ্ধে পদক্ষেপ না করলে পৃথক দল গঠন করবেন তিনি। ইতিমধ্যে বেশ কয়েকজনের সঙ্গে তাঁর কথা হয়েছে। সেই দল বিধানসভা নির্বাচনে ৫০টির কাছাকাছি আসনে লড়াই করবে। নবগঠিত সেই দল ১৫ – ২৫টি আসনে জয়লাভ করবে বলে দাবি করেন তিনি। হুমায়ুন কবিরের এই ঘোষণার পরেও তাঁর বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি তৃণমূল। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, ‘আগে উনি ইস্তফা দিন, তার পর এসব কথা বলুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *