Migrant Worker Arrested: ফের হরিয়ানা! ফের বাংলাদেশি সন্দেহে গ্রেফতার মালদহের ৭ পরিযায়ী শ্রমিক – Bengali News | Haryana police arrest 7 migrant workers from Malda on suspicion of being Bangladeshis again
ক্ষোভ বাড়ছে গোটা গ্রামেImage Credit source: TV 9 Bangla
মালদহ: একদিন আগেই খবর এসেছিল মালদহের চাঁচল ১ ও চাঁচল ২ ব্লকের প্রায় ৮ জন পরিযায়ী শ্রমিককে হরিয়ানার গুরগাঁওতে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ ছিল, বাংলা ভাষায় কথা বলার জন্য তাঁদের আটক করেছে পুলিশ। এবার সেই মালদহেরই হরিশ্চন্দ্রপুরের ৭ পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় গ্রেফতার।
ডিটেনশন ক্যাম্পে রেখে পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ পরিবারের লোকেদের। কান্নায় ভেঙে পড়েছে বৃদ্ধ বাবা মায়েরা। এলাকায় কাজ নেই, বাইরে কাজ না করলে খাবে কী? প্রশ্ন এলাকার মানুষের। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীর। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মালদহের হরিশ্চন্দ্রপুর রাঙ্গাইপুর ঠাকুরটোলা এলাকার আজমল হোসেন, লোকমান আলী, উসমান আলী, মানিরুল ইসলাম, সাদিকুল ইসলাম, পসেন দাস, অভিজিৎ দাস হরিয়ানার গুরগাঁও এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন বলে খবর। পরিবারের লোকজন বলছেন, তাঁদের কাছে বৈধ নথিপত্রও রয়েছে। কিন্তু তারপরেও সে রাজ্যের পুলিশ তাঁদের বাংলাদেশি সন্দেগে গ্রেফতার করেছে। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে তরজাও শুরু হয়ে গিয়েছে। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলছেন, যে সব রাজ্যে ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে বারবার এই ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত কথা বলে তিনি পদক্ষেপ নেবেন বলেও আশ্বাস দেন। যদিও বিজেপির দাবি তৃণমূল ব্যাপক সংখ্যায় অনুপ্রবেশকারীদের জায়গা দিয়েছে। যারা শুধু বিজেপি শাসিত না অন্য রাজ্য থেকেও গ্রেফতার হচ্ছে। তাদের মধ্যেই কখনো বাংলার কিছু মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। এর দায় তৃণমূলের।