Jagdeep Dhankhar: ৮ সপ্তাহ আগের একটা ঘটনাই কি লিখে দিয়েছিল ধনখড়ের বিদায় চিঠি? – Bengali News | Why Jagdeep Dhankhar Resigned from Vice President Post, Rift With BJP, Process began 8 Weeks Ago
জগদীপ ধনখড়ের ইস্তফা নিয়ে জোর চর্চা।Image Credit source: PTI
নয়া দিল্লি: একসময় বাংলার রাজনীতিতে তাঁকে নিয়ে জোর চর্চা হত। এখন কেন্দ্রীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন জগদীপ ধনখড়। হঠাৎ উপরাষ্ট্রপতি পদ থেকে তাঁর ইস্তফা দেওয়ার পরই জোর জল্পনা। সকালেও রাজ্যসভার অধিবেশনে যোগ দিলেন, তাহলে হঠাৎ কী হল যে রাতেই তিনি ইস্তফা দিয়ে দিলেন? রাজনৈতিক মহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, রাজনৈতিক দ্বন্দ্বের সবে শুরু।
সূত্রের খবর, সোমবার রাতে হঠাৎ উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেও, এই সিদ্ধান্ত বেশ কয়েক সপ্তাহ আগেই নিয়ে নিয়েছিলেন ধনখড়। উপরাষ্ট্রপতি বনাম কেন্দ্রীয় সরকারের বিরোধ এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যে সেই দূরত্ব আর মেটানো সম্ভব ছিল না।
সূত্র বলছে, ৮ সপ্তাহ আগেই, গত এপ্রিল মাসের শেষদিকে জগদীপ ধনখড়ের সঙ্গে বিরোধ শুরু হয় বিজেপির। ধনখড় এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, যা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভালভাবে নেয়নি। এই দ্বন্দ্ব মেটানোর দায়িত্ব দেওয়া হয়েছিল বিজেপির তিন শীর্ষ নেতাকে। এদের মধ্যে দুইজন আবার সঙ্ঘের (RSS) সঙ্গে যুক্ত। তারা একাধিকবার জগদীপ ধনখড়ের সঙ্গে কথা বলেন, বিরোধ মেটানোর চেষ্টা করেন, তবে বরফ গলেনি।
এরপরই দলের তরফে চরম পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, পরিকল্পনা করা হয়েছিল উপরাষ্ট্রপতিকে পদ থেকে সরানোর জন্য রিমুভাল মোশন আনা হবে। ভারতীয় সংসদীয় ইতিহাসে এমন কোনওদিন হয়নি। তবে উপরাষ্ট্রপতির বিরুদ্ধে পদক্ষেপ করার আগেই তিনি নিজেই পদক্ষেপ করেন, হেনস্থা এড়াতে নিজেই ইস্তফা দিয়ে দেন।
ধনখড়ের ইস্তফায় যে প্রশাসনিক বা সংসদীয় কাজে কোনও প্রভাব পড়ছে না, তার প্রমাণ হল তাঁর ইস্তফার পরও আইএএস, আইএফএস অফিসারদের পোস্টিংয়ের নির্দেশ, ট্রান্সফারের নির্দেশ জারি করা হয়েছে সময়মতোই। তিনদিনের মধ্যেই পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের নির্দেশিকাও জারি করা হয়েছে।
