Ambani-র সংস্থায় ED Raid, এক ধাক্কায় লোয়ার সার্কিট ছুঁল Reliance-র শেয়ারের দাম! – Bengali News | ED Raid on Anil Ambani’s Company, Reliance Group’s Share Price Hits Lower Circuit in One Moment
অনিল অম্বানির রিলায়েন্স গ্রুপের সংস্থার অফিসে ইডি রেড। ৩ হাজার কোটি টাকা ঋণের সঙ্গে আর্থিক তছরুপের সম্পর্ক খুঁজতেই এই তল্লাশিতে কেন্দ্রীয় সংস্থা। আর তারপরই হুড়মুড়িয়ে পড়ল রিলায়েন্সের দুই সংস্থার শেয়ারের দাম। রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার ও রিলায়েন্স পাওয়ারের শেয়ার ৫ শতাংশ করে পড়ে লোয়ার সার্কিট ছুঁয়ে ফেলেছে আজই।
উল্লেখ্য, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের মার্কেট ক্যাপ ১৫ হাজার কোটির বেশি। এই সংস্থার শেয়ার প্রতি আয় ১২৪ টাকা ৬৪ পয়সা। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে এই সংস্থার লভ্যাংশ ছিল ৮ হাজার ২৩২ কোটি টাকা। অন্যদিকে, রিলায়েন্স পাওয়ারের মার্কেট ক্যাপ প্রায় ২৬ হাজার কোটি টাকা। এই সংস্থার শেয়ার প্রতি আয় ৭ টাকা ৪৭ পয়সা। ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে লভ্যাংশ গিয়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি টাকায়।
সূত্র বলছে, ইডি তদন্ত করে খুঁজে পেয়েছে ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্ক থেকে রিলায়েন্স গ্রুপের ৩ হাজার কোটির লোন মঞ্জুর হওয়ার আগে ওই ব্যাঙ্কের যাঁরা প্রোমোটার, তাঁদের অ্যাকাউন্টে বড় অঙ্কের অর্থ ঢুকেছিল। ‘ঘুষ’ ও ঋণের মধ্যে কী সম্পর্ক রয়েছে তা নিয়েই তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।