বিরোধীশূন্য পঞ্চায়েতে খুন তৃণমূলি সদস্যের ভাইপো
পঞ্চায়েতের নিরঙ্কুশ ক্ষমতা তৃণমূলের হাতে। সেখানেই খুন হয়ে গেলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপো। বৃহস্পতিবার সকালে কাকদ্বীপের মধুসূদনপুর গ্রামের ক্ষেতে রাকিব শেখ নামে এক যুবকের দেহ উদ্ধার হয়। নিহত যুবক তৃণমূলি পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো। সালাউদ্দিনকে সবক শেখাতেই তাঁর ভাইপোকে খুন করা হয়েছে বলে দাবি তৃণমূলেরই একাংশের।
বৃহস্পতিবার সকালে মধুসূদনপুর গ্রাম লাগোয়া ক্ষেতে রাকিবের দেহ উলটো করে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘাড়ে ছিল ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন। দেহ উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কিন্তু তৃণমূলি পঞ্চায়েত সদস্যের ভাইপো খুনে সরগরম হয়ে উঠেছে রাজনীতি।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার রাত ৮টা পর্যন্ত দেখা গিয়েছিল রাকিবকে। তার পর নিখোঁজ হয়ে যায় সে। বৃহস্পতিবার সকালে উদ্ধার হয় দেহ। নিহত যুবক স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত ছিলেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে।
এই খুনের পিছনে তৃণমূলের এলাকা দখলের রাজনীতি রয়েছে বলে মনে করছেন অনেকে। মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের ১৭টি অঞ্চলের সবকটিই তৃণমূলের দখলে। আর এলাকা কার দখলে থাকবে এই নিয়ে বেশ কিছুদিন ধরে ২ গোষ্ঠীর বিবাদ চলছে। সেই বিবাদের জেরে সালাউদ্দিনকে শিক্ষা দিতে রাকিবকে খুন করা হয়ে থাকতে পারে বলে দাবি করছেন অনেকে।