Nadia: এখনও কেন অধরা বাকিরা? জেলা প্রশাসনের দফতরের সামনে ধরনায় তামান্নার মা-বাবা – Bengali News | Demanding the arrest of the remaining accused Tamannaah’s parents stage a sit in in front demonstration in district administration office
অবস্থানে তামান্নার মা-বাবা Image Credit source: TV 9 Bangla
কালীগঞ্জ: কালীগঞ্জ উপনির্বাচনের ভোটের রেজাল্ট সামনে আসতেই দেখা গিয়েছিল বিপুল ভোটে জিতে গিয়েছে রাজ্যের শাসকদল। দুপুর গড়িয়ে বিকাল হতে না হতেই বোমার শব্দে কেঁপে উঠেছিল এলাকা। বোমার আঘাতে আঘাতে ঝরে গিয়েছিল ক্লাস ফোরের ফুটফুটে মেয়েটার প্রাণ। সিপিএম সমর্থক পরিবারের মেয়ে তামান্নার সেই মর্মান্তিক পরিণতিতে ঝড় উঠেছিল বঙ্গ রাজনীতির আঙিনায়। পরিবারের পক্ষ থেকে মোট ২৪ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল কালীগঞ্জ থানায়। এখনও অধরা ১৪। এবার বাকিদের গ্রেফতারির দাবিতে জেলা প্রশাসনিক ভবনের সামনে ধরনায় বসলেন মৃত তামান্নার মা সাবিনা ইয়াসমিন ও বাবা হোসেন শেখ।
এদিন ফের পথে নামতে দেখা যায় বামেদের। সংগঠনের কর্মীরা মিছিল করে কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড় থেকে নদিয়া জেলা প্রশাসনিক ভবনের সামনে আসেন। সঙ্গে ছিলেন সাবিনা-হোসেন। মিছিল শেষে নদিয়া জেলা প্রশাসনিক দফতরে একটি স্মারকলিপিও জমা দেন সিপিএম নেতা এসএম সাদি। সঙ্গে ছিলেন তামান্নার মা-বাবা।
তারপরই শুরু হয়ে যায় ধরনা। তাঁদের সাফ দাবি, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে খুনের ঘটনায় জড়িত অভিযুক্তদের ধরার ব্যাপারে আশ্বাস দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা ধরনাতেই থাকছেন। বেশ কিছুক্ষণ তাঁরা কথা বলেন নদিয়ার জেলাশাসকের সঙ্গেও।