Election Commission: লক্ষ লক্ষ নাম বাদ! মঙ্গলেই অঙ্ক কষে বড় ঘোষণা কমিশনের - Bengali News | ECI Removed 52 Lakh Names From Bihar Voter List in Ongoing Revision - 24 Ghanta Bangla News
Home

Election Commission: লক্ষ লক্ষ নাম বাদ! মঙ্গলেই অঙ্ক কষে বড় ঘোষণা কমিশনের – Bengali News | ECI Removed 52 Lakh Names From Bihar Voter List in Ongoing Revision

Spread the love

পটনা: পয়লা আগস্ট খসড়া তালিকা প্রকাশের দিন। প্রায় এক মাস যাবৎ যে সমীক্ষা চলল বিহারে এটা যেন তারই ‘ফলাফল’। কত নাম বাদ যাবে? কোনও নাম আদৌ জুড়বে কিনা সেই সংখ্য়ার একটা খেলা চলছেই। আপাতত ভাবে সম্ভবনার উপরেই টিকেছিল তা।

তবে মঙ্গলবার সেই সংখ্যার-সম্ভবনা নিয়ে একটা নিশ্চিত ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, খসড়া ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হবে ৫২ লক্ষ ভোটারের নাম। প্রায় ১ লক্ষ বুথ লেভেল অফিসার ও দেড় লক্ষের অধিক বুথ লেভেল এজেন্টরা গোটা বিহারজুড়ে ৭ কোটি ৬৮ লক্ষ ভোটারের তথ্য তুলে এনেছে।

সেই মোট সংখ্য়া থেকেই আপাতত ভাবে বাদ দিয়ে হবে এই ৫২ লক্ষ ভোটারের নাম। নির্বাচন কমিশন তাদের প্রকাশিত নির্দেশিকায় জানিয়েছে, বাদ পড়তে চলা এই ৫২ লক্ষ ভোটারের মধ্যে ১৮ লক্ষ ৬৬ হাজার ভোটার মৃত। ২৬ লক্ষ স্থায়ী ভাবে স্থানান্তরিত হয়েছেন। ৭ লক্ষ ৫০ হাজার ভোটারের নাম একের অধিক বুথে রেজিস্টার রয়েছে। বাকি ১১ হাজার ভোটারের কোনও হদিশই নেই।

তবে এই বাদের তালিকা যে এখানেই থেমে গেল এমনটা নয়। এখনও ২১ লক্ষ ভোটারের ‘ভবিষ্যৎ’ নিয়ে চোখের সামনে শঙ্কা দেখছে কমিশন। তারা সেই নির্দেশিকায় জানিয়েছে, ২১ লক্ষের অধিক ভোটার এখনও Enumeration Form বা যাচাই প্রক্রিয়ার সেই বিশেষ ফর্ম জমা দেননি। এদিকে সময় প্রায় ফুরিয়ে এল বলেই। হাতে পড়ে আর দু’দিন। তারপরেই সমীক্ষার কাজ বন্ধ হয়ে যাবে। অবশ্য়, এই ২১ লক্ষ ভোটার যাতে দ্রুত ফর্ম জমা দেন, সেই ব্যবস্থাও করেছে কমিশন। ইতিমধ্য়েই তারা রাজ্য়ের ১২টি রাজনৈতিক দলের প্রতিটি জেলার সাংগঠনিক সভাপতি যোগাযোগ করেছে। তাদেরকে নির্দেশ দিয়েছে, এই ২১ লক্ষ ভোটারের সঙ্গে যোগাযোগ করার। বাকিটা না হয় সময় বলবে।

পাশাপাশি, কমিশন এও জানিয়েছে পয়লা আগস্ট যে তালিকা প্রকাশ হবে তা চূড়ান্ত নয়। কেউ যদি তাতে নিজের নাম না পান কিংবা কোনও ভুল ভ্রান্তি দেখেন, তা হলে উদ্বেগের কোনও কারণ নেই। তাদের দাবি, পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সেই তালিকায় হওয়া ভুল-ত্রুটির ভিত্তিতে সমস্ত অভিযোগ নেওয়া হবে এবং প্রমাণ সাপেক্ষে তা সংশোধনও করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *