Sarfaraz Khan: কীভাবে ‘বিরাট’ পরিবর্তন? খোলসা করলেন সরফরাজ খানের বাবা – Bengali News | Sarfaraz Khan shocks fans with 17 kg weight loss; father reveals diet behind transformation
কলকাতা: প্রাতঃরাশ হোক আর মধ্যাহ্নভোজ, কিংবা নৈশভোজ— লোভনীয় কিছুই দেখা যাচ্ছে না পাতে। ব্রকোলি, গাজর, শসা, শাকসবজি, স্যালাডে ভরপুর। গ্রিলড করা মাছ ও মুরগির মাংস। সেদ্ধ মুরগির মাংস ও ডিম। চিনি, আটা, ময়দা পুরোপুরি বন্ধ। গ্রিন টি ও কফি বেশ কয়েকবার। অ্যাভোকাডো থাকবেই পাতে। ভেজানো ছোলাও। বেকারির বিস্কিট, পাউরুটিরও স্বাদ মেলেনি দীর্ঘদিন। আর তাতেই চমক। মাত্র দেড় মাসে ১০ কেজি ওজন কমিয়ে ফেলেছেন। যিনি এমন কাণ্ড ঘটিয়েছেন, তাঁর খাদ্যতালিকা দেখে হতবাক হয়ে গিয়েছেন অনেকেই। গোলগাল চেহারা। সারাক্ষণই কিছু না কিছু খাচ্ছেন। এমনটা দেখতে যাঁরা অভ্যস্ত ছিলেন, তাঁরাই অবাক হয়ে জানতে চাইছেন, কী ভাবে সম্ভব হল? তাঁদেরকে রোজকার মেনু তুলে ধরেছেন সরফরাজ খানের বাবা।
সোজা কথায়, ভাত আর রুটি মুক্ত হয়েই ঝরঝরে শরীর করে ফেলেছেন সরফরাজ। মাস দুয়েক আগেও ছিলেন মোটাসোটা। ফিটনেস নিয়ে কোনও সমস্যা না থাকলেও নিজেকে বদলে ক্রিকেটে সাফল্য় পেতে চাইছেন মুম্বইয়ের ছেলে। আর তাতেই চমক। ১৭ কেজি ওজন কমিয়ে যেন নবজন্ম হয়েছে সরফরাজের। গতকাল সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে। আগের ও এখনকার ছবি। যা দেখে বোঝাই যাচ্ছে, তিনি সুঠাম চেহারা করে ফেলেছেন। কেভিন পিটারসেনের মতো প্রাক্তন ইংল্যান্ডের ক্রিকেটারও সরফরাজের এ হেন বদলে চমকে গিয়েছেন।
কী ভাবে হল এই বদল? সরফরাজের বাবা নৌশাদ খান ফাঁস করেছেন ছেলের গোপন ডায়েট। তিনি বলেছেন, ‘সরফরাজ নিজের ডায়েট অনেক নিয়ন্ত্রণে এনে ফেলেছে। ব্যালান্সড ডায়েট। রুটি বা ভাত আর রোজকার খাবারে নেই। মাস দেড়েক ও ভাত, রুটি খায়নি। পুরো খাবারটাই শাকসবজি, গ্রিন স্যালাড, বয়েলড চিকেন, ফিশের উপর দাঁড়িয়ে। আসল ব্যাপার হল ভাত, রুটি বন্ধ করে দেওয়া। সেই সঙ্গে চিনি, ময়দা, বেকারির নানা খাবারও বাদ। সেই কারণেই এমন আশ্চর্য বদল দেখতে পাচ্ছেন সরফরাজের। ১৭ কেজি ওজন কমিয়েছে। তবে এখানেই থামছে না। আরও ওজন কমাতে চাইছে।’
বেশ কয়েক বছর আগে বিরাট কোহলির ব্রেকফাস্ট মেনু জানা গিয়েছিল। বিরাট নিজেই এক পডকাস্টে তুলে ধরেছিলেন। তাঁর ব্রেকফাস্টে যেমন খাবারদাবারের খোঁজ পাওয়া গিয়েছিল, তাই দেখা যাচ্ছে সরফরাজের মেনুতেও। বিরাটে যে অনুপ্রাণিত হয়েছেন, সন্দেহ নেই। সরফরাজ জেদি ক্রিকেটার। তাঁকে বারবার উপেক্ষা কিংবা বাদ দেওয়া সত্ত্বেও দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছেন। সেই লড়াইয়েরই নতুন অংশ হিসেবে সরফরাজের এই ভোলবদলকে দেখছেন অনেকে।