CAB Election: নির্বাচনী আবহে বিতর্কের ঘনঘটা বঙ্গ ক্রিকেটের অন্দরে, চলছে চিঠির লড়াই – Bengali News | Bengal Cricket News: Tension arises over Bengal Cricket
কলকাতা: সেপ্টেম্বরেই হয়তো সিএবির বার্ষিক সাধারণ সভা। আর সেই নির্বাচনী আবহেই সিএবিতে এখন আইনি চিঠির যুদ্ধ। একের পর এক পত্রবোমা। সময় যত এগিয়ে আসছে, ততই সেই উত্তাপ বাড়ছে। আর এই আইনি চিঠির যুদ্ধে বিতর্কে পুড়ছে বঙ্গ ক্রিকেট। কয়েকদিন আগেই সিএবির যুগ্মসচিব দেবব্রত দাস আর কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ জমা পড়েছিল সিএবির ওম্বুডসম্যানের কাছে। সভাপতির কাছেও জমা পড়ে অভিযোগপত্র। দেবব্রত দাসের ঘুষ নেওয়ার মারাত্মক অভিযোগ জমা পড়েছে। টাকা নয়ছয়ের অভিযোগ করেছে দেবব্রত দাসের ক্লাব টাউন। প্রবীর চক্রবর্তী এপিসোড গড়িয়েছে আলিপুর আদালতে। সিএবি কোষাধ্যক্ষর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেছে উয়াড়ি ক্লাব। যে ঘটনা মোটেই স্বস্তি দেয়নি বঙ্গ ক্রিকেটকে। ওম্বুডসম্যানের ঘরে একদফা শুনানি হয়ে গেলেও, চরম সিদ্ধান্ত কিছু নেওয়া হয়নি।
এবার এক সপ্তাহের ব্যবধানে জোড়া পত্রবোমা সিএবিতে। আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে স্টেডিয়াম কমিটির সদস্য অম্বরীশ মিত্রর বিরুদ্ধে। বেঙ্গল প্রো টি-২০ লিগ কমিটির সদস্যও ছিলেন এই অম্বরীশ। ইস্টার্ন রেলেরই অন্যতম ক্লাব নেতাজি সুভাষ ইনস্টিটিউটের হয়ে সিএবিতে প্রতিনিধিত্ব করেন তিনি। বিভিন্ন ক্লাবে খেলানোর নাম করে, উঠতি ক্রিকেটারদের কাছ থেকে লক্ষাধিক টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগকারী আইনজীবী সুমন কীর্তনিয়া পাঁচ পাতার চিঠি জমা দেন সিএবির সভাপতি ও সচিবের কাছে। সেই অভিযোগপত্রের প্রতিলিপি পাঠানো হয় সিএবি ওম্বুডসম্যান, এথিক্স অফিসার, অ্যাপেক্স কাউন্সিলের সদস্যদের কাছেও। ইস্টার্ন রেলের শিয়ালদহ শাখায় কর্মরত অম্বরীশের বিরুদ্ধে এই অভিযোগপত্র পাঠানো হয় রেলের ৯ জন উচ্চপদস্থ আধিকারিকদের কাছেও। এমনকি অম্বরীশের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও প্রকাশ্যে এনেছেন আইনজীবী সুমন কীর্তনিয়া। অভিযোগ, নিজেকে প্রভাবশালী নির্বাচক হিসেবে পরিচয় দিয়ে সিএবির বয়সভিত্তিক দলে ক্রিকেটারদের অর্থের বিনিময়ে ঢুকিয়েছেন তিনি। সিএবি যুগ্মসচিব দেবব্রত দাসের ছেলে তথা টাউন ক্লাবের সচিব দেবানিক দাসের নামও উঠে এসেছে।
অভিযোগ জমা পড়ল সিএবির অ্যাপেক্স কাউন্সিলের সদস্য মহাদেব চক্রবর্তীর বিরুদ্ধে। তথ্য গোপন করার অভিযোগে সিএবির ওম্বুডসম্যানের কাছে চিঠি দিয়েছেন লেকটাউনের ক্রিকেট অনুরাগী শ্যামল দাস। সেই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সচিব নরেশ ওঝা আর কলকাতা পুলিশ ক্লাবের সচিবের কাছে।
পুলিশ কর্তা মহাদেবের বিরুদ্ধে অভিযোগ, তিনি লোধা কমিশনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সিএবির গঠনতন্ত্র ভেঙেছেন। কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরের এসিপি (ওএসডি) থাকা অবস্থায় সিএবির অ্যাপেক্স কাউন্সিলের সদস্য হয়েছেন। অভিযোগ, অ্যাপেক্স কাউন্সিলে মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি যে সরকারি কর্মচারী তা হলফনামায় গোপন করে যান। সিএবির গঠনতন্ত্র অনুযায়ী, কোনও সরকারি কর্মচারী স্পোর্টস কোটায় নিযুক্ত হলে তবেই সেই ব্যক্তি অ্যাপেক্স কাউন্সিলের সদস্য বা সিএবির পদাধিকারী হতে পারেন। উপযুক্ত তদন্তের আর্জি জানিয়েই সিএবিতে চিঠি জনৈক শ্যামল দাসের। প্রয়োজনে ফৌজদারি পদক্ষেপ নেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি। ক্লিনচিট পেতে মহাদেব এখন যথোপযুক্ত নথি পেশ করবেন কিনা সেটা সময়ই বলবে।
সেপ্টেম্বরে সিএবির বার্ষিক সাধারণ সভা। আপাতত সেটাকে মাথায় রেখেই ঘুটি সাজাচ্ছে সিএবির শাসক আর বিরোধী দুই শিবির। ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন তাবড় তাবড় কর্তারা। আর তাতেই অভিযোগ, পাল্টা অভিযোগ জমা পড়ছে সিএবির অন্দরে। এমনটাই মনে করছে বঙ্গ ক্রিকেটমহল।