TMC: ‘আমার স্বামীর খুনিদের কেউ কেউ এখনও তৃণমূলে রয়েছেন’, একুশে জুলাইয়ে এসে ক্ষোভ উগরে দিলেন নিহত দুলালের স্ত্রী – Bengali News | ‘Some of my husband’s killers still in our party’, says TMC leader Chaitali Sarkar
কী বললেন চৈতালি সরকার?Image Credit source: TV9 Bangla
কলকাতা: একসময় তৃণমূলের শহিদ দিবসের সমাবেশে মালদহ থেকে কর্মীদের আনার দায়িত্ব পালন করতেন তাঁর স্বামী। মাস ছয়েক আগেই তাঁর স্বামীকে খুন করেছে দুষ্কৃতীরা। এবার মালদহ থেকে তৃণমূল কর্মীদের নিয়ে কলকাতায় পৌঁছেছেন মালদহের নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার। আর শহিদ দিবসের সমাবেশে এসে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বললেন, তাঁর স্বামীকে যাঁরা খুন করেছেন, তাঁদের কেউ কেউ এখনও তৃণমূলে রয়েছেন।
মালদহ জেলায় তৃণমূলের সহ-সভাপতি ছিলেন দুলাল ওরফে বাবলা সরকার। চলতি বছরের জানুয়ারি মাসে খুন হন তিনি। গতবছর একুশে জুলাই গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদহ থেকে কর্মী-সমর্থকদের নিয়ে এসেছিলেন। তাঁর স্ত্রী চৈতালি সরকার এখন মালদহ জেলার তৃণমূলের চেয়ারম্যান। কর্মীদের নিয়ে এবার কলকাতায় পৌঁছেছেন তিনি।
স্বামীর মৃত্যুতে দলের বেশ কিছু নেতার বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন বাবলা সরকারের স্ত্রী। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে কর্মীদের পাশে তিনি বললেন, “দুলাল সরকার দলের কাছে কী ছিলেন, আমাদের নেত্রী বারবার বলেছেন। যখন খুব কম সংখ্যক মানুষ তৃণমূল করতেন, তখনও তিনি দৌড়ে বেড়িয়েছেন। দলনেত্রীও তাঁর পাশে থেকেছেন।” তারপরই তিনি বলেন, “যাঁরা আমার স্বামীকে মারলেন, তাঁদের কেউ কেউ এখনও দলে রয়েছেন। তাঁদের আমি কী করে আমাদের দলের বলে মেনে নেব? তাঁরা দলে থেকে দলের ক্ষতি করছে। তাঁরা কখনওই দলের হতে পারে না। তাঁরা দলের কথা ভাবেন না। তাঁদের অভিসন্ধি, দলের থেকে সুযোগ সুবিধা নেওয়া।”
এখানেই না থেমে তিনি বলেন, “বারবার করে আমি বলেছি, অন্য দল থেকে তৃণমূলে যোগ করানোর ক্ষেত্রে ভালভাবে যেন খতিয়ে দেখা হয়। কিন্তু সেটা দেখা হয় না। অভাব তো থাকছেই। আমি দিদিকে সব জানিয়েছি।” ছাব্বিশে মালদহে তৃণমূল ভাল ফল করবে জানিয়ে তিনি বলেন, “গত লোকসভা নির্বাচনে মালদহে ভাল ফল হয়নি। এবার বিধানসভায় ভাল ফল হবেই। ১২টি আসনের সবগুলিই পাব।”
