‘বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে’ ২১-এর মঞ্চ থেকে হুঁশিয়ারি অভিষেকের
ধর্মতলার শহিদ সমাবেশে পৌঁছে আগাগোড়াই আক্রমণাত্মক সুরে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থলে পৌঁছে শহিদদের উদ্দেশে প্রণাম জানিয়ে বক্তব্য শুরু করেন। বক্তব্যের প্রথম থেকেই পরিযায়ী শ্রমিক, কেন্দ্রীয় সংস্থা, ডিটেনশন ক্যাম্প নিয়ে বিজেপিকে আক্রমণ করেন অভিষেক। তিনি হুঁশিয়ারি দেন, ২০২৬-এর পর বিজেপিকেই ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে।
আরও পড়ুন: বাংলা ভাষার ওপর সন্ত্রাস’, কাগজ তুলে ধরে ডিটেনশন নিয়ে বিস্ফোরক মমতা, ঘোষণা ভাষা আন্দোলনের
বক্তব্য রাখার সময় পরিযায়ী শ্রমিকদের আটক নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। অনেককেই বাংলাদেশি সন্দেহে আটক করছে সেখানকার পুলিশ। তিনি প্রশ্ন তোলেন, এটাই কি বিজেপির জাতিগত চিন্তা? এভাবেই কি তারা বাংলা ও বাঙালিকে দেখে? বাংলা ভাষা নিয়ে বিজেপির তাচ্ছিল্যের অভিযোগ তুলেও সরব হন অভিষেক। তিনি বলেন, ‘আমরা বাংলায় কথা বলি, গর্ব করে বলি, বারবার বলব। ২০২৬-এর পর বিজেপিকেও ‘জয় বাংলা’ বলতে বাধ্য করব লিখে রাখুন।
বক্তব্যে অভিষেক অভিযোগ তোলেন, বিজেপি বর্তমানে দুই ‘ই’ সংস্থা ইডি ও নির্বাচন কমিশনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বাংলার মানুষ এসব ভয় পায় না। অভিষেক বলেন, ‘বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়। বিজেপিকে আমরা ছাব্বিশের পর ওই ক্যাম্পে নিয়ে যাব। বিজেপিকে কোনও জায়গা ছেড়ে দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, তৃণমূল মাথা নত করবে না, মেরুদণ্ড বিক্রি করব না। গলা কেটে দিলেও ‘জয় বাংলা’ বলবে।
নিজের বক্তব্যে বিজেপিকে ফের বাংলাবিরোধী আখ্যা দিয়ে অভিষেক দাবি করেন, বিজেপি গরিবদের মারতে চায়, বাংলার সংস্কৃতিকে তাচ্ছিল্য করে, টাকা আটকে রাখে। তাঁর হুঁশিয়ারি, পদ্মফুল উপড়ে ফেলা হবে। ভাষণের একেবারে শেষে উপস্থিত জনতাকে উদ্দেশ করে অভিষেক জোর গলায় ‘জয় বাংলা’ ধ্বনি তোলার আহ্বান জানান। বলেন, ‘এমন আওয়াজ তুলুন, যাতে দিল্লিও কেঁপে ওঠে।’