‘আমি চিন্তিত’, শাহরুখের চোটের খবর পেতেই উদ্বেগ প্রকাশ মমতার – Bengali News | Mamata banerjee get worried after knowing shah rukh khan injury news
শনিবার বেলা গড়াতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে শাহরুখ খানের চোটের খবর। কিং ছবির শুট নিয়ে ব্যস্ত এখন কিং খান। সেখানেই এক অ্যকশন দৃশ্যে পেশিতে চোট পান কিং খান। খবর ছড়িয়ে পড়তেই সকলেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করছেন। করছেন তাঁর দ্রুত আরোগ্য কামনা। খবর কানে পৌঁছতেই সোশ্যাল মিডিয়ায় টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সঙ্গে শাহরুখের যোগ বরাবরের। কলকাতার সঙ্গে জড়িয়ে তাঁর অনেক স্মৃতি। কখনও ছবির শুটিং, কখনও আবার কলকাতা ফিল্মফেস্টিভ্যালের জন্যে দ্য সিটি অব জয়-এ এসে থাকেন শাহরুখ। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ভাই বলেই সম্বোধন করেন। আর সেই শাহরুখের আচমকা আঘাতের খবর পেতেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখলেন, “শুটিং সেটে আমার ভাই শাহরুখ খানের পেশিতে চোটের খবর পেয়ে আমি চিন্তিত। ওর দ্রুত আরোগ্য কামনা করি।” প্রসঙ্গত, মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োতে টানা শুটিং চলাকালীন তিনি পেশিতে চোট পান— তবে আঘাত গুরুতর না হলেও সময় সাপেক্ষ চিকিৎসার প্রয়োজন বলেই মনে করেন চিকিৎসকেরা।
Reports regarding my brother Shah Rukh Khan sustaining muscular injuries during shooting make me worried. Wish him speedy recovery. @iamsrk
— Mamata Banerjee (@MamataOfficial) July 19, 2025
এরপরই তাঁকে দ্রুত বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। প্রাথমিকসূত্রে খবর সেখানেই চলবে শাহরুখ খানের চিকিৎসা। করা হতে পারে ছোট্ট অস্ত্রোপচারও। শোনা যাচ্ছে চিকিৎসকের পরামর্শে, শাহরুখ খানকে অন্তত এক মাসের সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। এর ফলে ‘কিং’–এর যে অংশের শুট জুলাই–আগস্টে ফিল্ম সিটি, গোল্ডেন টোবাকো ও YRF স্টুডিওতে হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত রাখার পরিকল্পনা করা হয়েছে।