Purba Bardhaman: নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ, যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন সেনাকর্মীর – Bengali News | Former army officer sentenced to life imprisonment for burning his wife to death
সাজা ঘোষণা করে দিল আদালত Image Credit source: TV 9 Bangla
বাঁকুড়া: নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় প্রাক্তন সেনাকর্মীকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল আদালত। ২০২১ সালের ২৬ এপ্রিল বাঁকুড়ার ওন্দা থানার বহড়াবাঁধ গ্রামে নিজের স্ত্রী নিবেদিতা ধল্লকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে প্রাক্তন সেনা কর্মী সমীরণ ধল্লর বিরুদ্ধে। শুক্রবার ওই ঘটনায় সমীরণকে দোষী সাব্যস্ত করে বাঁকুড়া জেলা আদালত। এদিন তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক মীর রদিদ আলি।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের ২১ নভেম্বর বাঁকুড়ার ওন্দা থানার বহড়াবাঁধ গ্রামের বাসিন্দা সেনাকর্মী সমীরণ ধল্লর সঙ্গে বিয়ে হয় তালডাংরা থানার পাইকা গ্রামের নিবেদিতার। বিয়ের পর ওই দম্পতির একটি পুত্র ও একটি কন্যা সন্তানেরও জন্ম হয়। এরই মাঝে অবসর নেন সমীরণ ধল্ল। সূত্রের খবর, বিয়েও হলেও সংসারে সুখ ছিল না। দাম্পত্য কলহ চলতই। অভিযোগ, ঝামেলার মাঝে মাঝেমাঝে স্ত্রীকে মারধরও করতেন ওই সেনাকর্মী। এরইমধ্যে ২০২১ সালে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা।
অভিযোগ, ওই বছরের ২৬ এপ্রিল প্রাক্তন ওই সেনাকর্মী নিজের স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে। ঘটনার দিন গুরুতর জখম স্ত্রী নিবেদিতা ধল্লকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরেরই ৩০ এপ্রিল মৃত্যু হয় নিবেদিতার। এরইমধ্যে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল ২৭ এপ্রিল। হাসপাতালেই মহিলার মৃত্যুকালীন জবানবন্দী রেকর্ড করা হয়।
ঘটনার তিন মাসের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। এরপর গত চার বছর ধরে ১৯ জন সাক্ষী ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে গতকাল প্রাক্তন সেনা কর্মী সমীরণ ধল্লকে দোষী সাব্যস্ত করে আদালত। এদিন তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। ঘটনায় যুক্ত থাকার তথ্য প্রমাণ না মেলায় অন্যান্য অভিযুক্তদের নির্দোষ বলে ঘোষণা করে আদালত।