৪০ কাছাকাছি আসতেই দেখা দিচ্ছে বলিরেখা? কীভাবে তাকে ৬০ বছরেও দূরে রাখবেন? – Bengali News | Know how to keep your skin glowing and get rid of wrinkles even after 40
বয়স ৪০-এর কোঠায় পৌঁছনোর পর অনেক মহিলার মুখেই, চোখের কোণে বা কপালে সূক্ষ্ম রেখা বা বলিরেখা লক্ষ্য করা যায়। ত্বকের মসৃণতা হারিয়ে ধীরে ধীরে বয়সের ছাপ স্পষ্ট হতে থাকে। কেবল মহিলা নয়, পুরুষদের মধ্যেও দেখা যায় এই একই সমস্যা। এই পরিবর্তন শুধুমাত্র বয়সজনিত নয়, এর পেছনে রয়েছে একাধিক শারীরবৃত্তীয় ও জীবনধারাগত কারণও। কেন এমন হয়?
১. কোলাজেন ও ইলাস্টিন হ্রাস – বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেন ও ইলাস্টিন নামক দুটি গুরুত্বপূর্ণ প্রোটিনের পরিমাণ কমে যায়। এই প্রোটিন দুটি ত্বকের টানটান ভাব ও নমনীয়তা বজায় রাখে। এর ঘাটতি হলে, ত্বক ঢিলে হয়ে যায়। বলিরেখা পড়তে পারে।
২. হরমোনের পরিবর্তন – মহিলাদের ৪০ বছর বয়সে এসেই ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমতে থাকে, বিশেষ করে মেনোপজের দিকে এগোনোর সময়। এর ফলে ত্বক শুষ্ক হয়, বলিরেখা দ্রুত বাড়ে।
৩. সূর্যের অতিবেগুনি রশ্মি – বহু বছর ধরে নিয়মিত রোদে যাওয়ার ফলে UV রশ্মি ত্বকের গভীরে পৌঁছে কোলাজেন ভেঙে দেয়। ফলে ত্বকে দ্রুত বয়সের ছাপ পড়ে।
৪. জল কম খাওয়া ও অনিয়মিত জীবনযাপন – অপর্যাপ্ত ঘুম, দুশ্চিন্তা, ধূমপান, ফাস্টফুড খাওয়া ও কম জল পান বলিরেখার অন্যতম কারণ।
কী করে তারুণ্য বজায় রাখবেন?
১ রোজ বাইরে যাওয়ার আগে SPF ৩০ বা তার বেশি সানস্ক্রিন মুখে ও গলায় লাগান। এতে UV রশ্মি থেকে ত্বক সুরক্ষিত থাকবে।
২. ভিটামিন A, C, E সমৃদ্ধ খাবার যেমন গাজর, আম, টমেটো, বাদাম ও লেবুজাতীয় ফল বেশি খান। এগুলি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ডায়েটে সবসময় প্রোটিন, কার্বোহাইড্রেট বা বাকি উপাদানের সুষম ব্যালান্স বজায় রাখুন।
৩. প্রতিদিন অন্তত ৮ গ্লাস জল পান করুন এবং ৭–৮ ঘণ্টা ঘুম বজায় রাখুন। এতে ত্বক হাইড্রেটেড থাকবে।
৪. রেটিনল, হায়ালুরনিক অ্যাসিড ও ভিটামিন C যুক্ত সিরাম ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি ত্বকের বলিরেখা কমায়।
৫. দুশ্চিন্তা শরীরে কর্টিসল হরমোন বাড়িয়ে ত্বকের ক্ষতি করে। নিয়মিত মেডিটেশন বা যোগা অভ্যাস করুন। মুখের পেশিকে সক্রিয় রাখলে ত্বক টানটান থাকে। মুখের ব্যায়াম করুন দিনে ১০–১৫ মিনিট।