বর্ষায় এই ৫ নিয়ম না মানলেই কিন্তু অকাল মৃত্যু ঘটবে আপনার বাগানের শখের গাছগুলির – Bengali News | How to take care of your garden in monsoon
বর্ষার মরসুম মানেই চারিদিকে সবুজের চাদর। গাছপালার বেড়ে ওঠার জন্য আদর্শ সময়। তবে এই বৃষ্টি হতে পারে আপনার শখের বাগানের কাল। এখন চলছে টানা বৃষ্টি। এই অতিরিক্ত জলের কারণে ক্ষতি হতে পারে আপনার টবের গাছগুলির। তাই এই সময়েও প্রয়োজন বিশেষ যত্নের। কীভাবে যত্ন নেবেন?
১. অতিরিক্ত জল নিঃসরণে ব্যবস্থা: বর্ষায় টবে জল দাঁড়িয়ে গেলে গাছের শিকড় পচে যেতে পারে। তাই টবে যেন জল আটকে না থাকে, তার জন্য ভাল ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত জরুরি। প্রয়োজনে টবের তলায় কিছু ইট বা পাথর রেখে তা উঁচু করে দিন।
২. জল দেওয়ার অভ্যাসে পরিবর্তন: বর্ষায় নিয়মিত জল দেওয়ার প্রয়োজন হয় না। আগে দেখে নিন মাটি ভিজে রয়েছে কি না। যদি স্যাঁতসেঁতে থাকে, তাহলে জল না দেওয়াই ভাল।
৩. টবের অবস্থান বদল: যেসব গাছ অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় (যেমন: ক্যাকটাস, সাকুলেন্টস), তাদের ছাউনি দেওয়া জায়গায় বা বারান্দায় সরিয়ে রাখা ভাল। প্লাস্টিক শেড, টারপলিন ব্যবহার করেও বৃষ্টি থেকে আংশিক সুরক্ষা দেওয়া যায়।
৪. ছত্রাক ও পোকামাকড়ের প্রতিরোধ: বর্ষায় আর্দ্রতা বেশি থাকায় ছত্রাকের সংক্রমণ বাড়ে। টবের চারপাশ পরিষ্কার রাখুন এবং প্রয়োজন হলে নেম অয়েল বা জৈব কীটনাশক স্প্রে করুন। পাতায় ছত্রাকের দাগ দেখা গেলে তা কেটে বাদ দিন।
৫. মাটির গুণমান: বর্ষার সময়েও মাটিতে যদি ঠিকমতো হাওয়া চলাচল না করে, গাছের ক্ষতি হতে পারে। সে কারণে গাছের গোড়ার মাটি মাঝেমধ্যে খুঁড়ে আলগা করে দেওয়া দরকার। বাগানের মাটিতে কোকোপিট এবং কম্পোস্ট মিশিয়ে নিলে গাছের বা়ড়বৃদ্ধিতে অসুবিধা হবে না।