‘অনুপ্রবেশকারীদের ছাড়ব না’, মমতা সরব হতেই BJP-র ‘বাংলা অস্মিতা’-র উদাহরণ মোদীর, বাংলার মুখ
মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামতেই বিজেপির ‘বাংলা অস্মিতা’-র উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে জনসভা থেকে মোদী দাবি করেন, যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে সেখানে বাঙালিদের সম্মান করা হয়। বাংলা ভাষাকে সম্মান করা হয় বলে দাবি করেন মোদী। তিনি আরও দাবি করেন, বিজেপি জন্মের মূল বীজ তো বাংলায় আছে। বিজেপি সরকারের আমলেই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার সম্মান প্রদান করা হয়েছে বলে দাবি করেন মোদী। সেইসঙ্গে ঘুরিয়ে মোদী অভিযোগ করেন, তোষামদের স্বার্থে ‘বাংলা অস্মিতা’-র ধুয়ো তুলে অনুপ্রবেশকারীদের হয়ে গলা ফাটাচ্ছে তৃণমূল কংগ্রেস।
শুক্রবার দুর্গাপুরের জনসভা থেকে মোদী বলেন, ‘পশ্চিমবঙ্গে কী হচ্ছে? নিজেদের স্বার্থে তৃণমূল পশ্চিমবঙ্গকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। সেজন্য এখানে অনুপ্রবেশে মদত জোগানো হচ্ছে। অনুপ্রবেশকারীদের জালি নথিপত্র তৈরি করা হচ্ছে। এই কাজটার জন্য একটা পুরো সিস্টেম তৈরি করা হয়েছে। এই পশ্চিমবঙ্গ ও দেশের সুরক্ষার জন্য বিপজ্জনক। এটা বাংলার সংস্কৃতির জন্য বিপজ্জনক। কিন্তু তোষামদের জন্য তৃণমূল সব সীমা অতিক্রম করে যাচ্ছে।’
মোদী দাবি করেন, আজ যখন দেশের সামনে তৃণমূলের মুখোশ খুলে গিয়েছে, তখন অনুপ্রবেশকারীদের পক্ষে নয়া কর্মসূচি শুরু করে দিয়েছে। দেশের সংবিধান এবং দেশের সাংবিধানিক সংস্থাকে চ্যালেঞ্জ ছুড়ছে তৃণমূল। এখন তৃণমূল খোলাখুলি অনুপ্রবেশকারীদের সমর্থনে ময়দানে নেমে পড়েছে।’
সেইসঙ্গে মোদী হুঁশিয়ারি দেন, ‘আমি দুর্গাপুরের মাটি থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যে ভারতের নাগরিক নয়, যে অনুপ্রবেশ করে ভারতে এসেছে, তাদের বিরুদ্ধে ভারতের সংবিধান অনুযায়ী ন্যায়সম্মত পদক্ষেপ চালিয়ে যাওয়া হবে। বাংলার অস্মিতার বিরুদ্ধে যে ষড়যন্ত্রই হোক না কেন, সেটাকে সফল হতে দেবে না বিজেপি। এটা মোদীর গ্যারান্টি।’
(বিস্তারিত পরে আসছে)