Physically Harassed: নোট দেওয়ার নামে ছাত্রীকে নিয়ে বন্ধুর ফ্ল্যাটে লেকচারার, পরের ঘটনায় শিউরে উঠছেন সবাই – Bengali News | Bengaluru student allegedly physically harassed by physics, biology lecturers and their friend
বেঙ্গালুরু: নৃশংস। যে শিক্ষক ছাত্রছাত্রীদের কাছে পথপ্রদর্শক, সেই শিক্ষকের বিরুদ্ধেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। বেঙ্গালুরুর একটি কলেজের ফিজিক্সের লেকচারারের বিরুদ্ধে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠছে। আবার নির্যাতিতাকে ব্ল্যাকমেইল করে ওই কলেজের বায়োলজির এক লেকচারারও ধর্ষণ করেন বলে অভিযোগ। ওই দুই লেকচারারের এক বন্ধুও ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করেন বলে অভিযোগ। তৃতীয় এই ব্যক্তিও বেঙ্গালুরুর একটি বেসরকারি কলেজে কাজ করেন। তাঁর ফ্ল্যাটেই ওই ছাত্রীকে বারবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে বেঙ্গালুরুর পুলিশ।
পুলিশ জানিয়েছে, ফিজিক্সের ওই লেকচারার নোট দেওয়ার নামে ছাত্রীর সঙ্গে প্রথমে ঘনিষ্ঠতা বাড়ান। ছাত্রীকে প্রতিনিয়ত মেসেজ করতেন। এরপর তৃতীয় অভিযুক্তের ফ্ল্যাটে ছাত্রীকে ডাকেন ফিজিক্সের ওই লেকচারার। অভিযোগ, সেখানে ছাত্রীকে তিনি ধর্ষণ করেন। ঘটনার কথা কাউকে বললে ফল ভাল হবে না বলে নির্যাতিতাকে হুমকি দেন ফিজিক্সের ওই লেকচারার।
কিছুদিন পর ওই ছাত্রীর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন বায়োলজির লেকচারার। ছাত্রী বাধা দেন। তখন তিনি বলেন, ফিজিক্সের লেকচারারের সঙ্গে ছাত্রীর ঘনিষ্ঠতার ছবি ও ভিডিয়ো তাঁর কাছে রয়েছে। তৃতীয় অভিযুক্তের ফ্ল্যাটে নিয়ে গিয়ে তিনিও ছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
এরপর তৃতীয় অভিযুক্তও ছাত্রীকে তাঁর ফ্ল্যাটে আসার সিসিটিভি ফুটেজ দেখান। তিনিও ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করেন বলে অভিযোগ। এভাবে একাধিকবার যৌন নির্যাতনের ফলে মানসিকভাবে ভেঙে পড়েন ছাত্রী। সেইসময় বেঙ্গালুরুতে তাঁর সঙ্গে দেখা করতে আসেন বাবা-মা। সব কথা বাবা-মাকে জানান ছাত্রী।
ওই ছাত্রীর বাবা-মা কর্নাটক রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হন। তারপর মারাথাহল্লি থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগ পেয়েই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
