Dhupguri: বাড়ির মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ, একই পরিবারের ৫ জনকে এলোপাথাড়ি কোপ – Bengali News | Dhupguri Protest against harassment of daughter, 5 members of the same family beaten up indiscriminately
ধূপগুড়ি: যুবতীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায়, বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র নিয়ে হামলা। এলোপাথাড়ি কোপানোর অভিযোগ। একই পরিবারের পাঁচজনকে ধারাল অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়ায় ধূপগুড়িতে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ধূপগুড়ি থানার পুলিশ।
সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটে ধূপগুড়ির পূর্ব মাগুরমারি এলাকা। পরিস্থিতি সামাল দিতে সোমবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার সৌভানিক মুখোপাধ্যায়। বর্তমানে গোটা এলাকায় থমে থমে পরিস্থিতি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক যুবতীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন অভিযুক্ত যুবক। সেই ঘটনায় পরিবারের সদস্যরা প্রতিবাদ জানান। অভিযোগ, এরপরেই ওই যুবক ধারাল অস্ত্র হাতে হানা দেন তাঁদের বাড়িতে। পরিবারের পাঁচ জন সদস্যকে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
গুরুতর জখম অবস্থায় আক্রান্তদের ধূপগুড়ির এক নার্সিংহোম ও জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
এদিকে, এই হামলার ঘটনায় ধূপগুড়ি থানার সামনে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবিতে তাঁরা সরব হন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টহলদারি চালানো হচ্ছে। পুলিশের একাংশের বক্তব্য, যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কতা নেওয়া হয়েছে।
