Cabinet Meeting: মিটিং-এর মাঝে আচমকা অসুস্থ মৎস্যমন্ত্রী, তড়িঘড়ি ডাক্তার ডাকলেন মমতা – Bengali News | Minister Biplab Roy chowdhury suddenly fell ill amid cabinet meeting
কলকাতা: মন্ত্রিসভার বৈঠক চলাকালী আচমকাই অসুস্থ হয়ে পড়লেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। তড়িঘড়ি ডেকে পাঠানো হয় চিকিৎসককে। আজ, সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা। তারই মধ্যে আচমকা মন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন সবাই।
জানা গিয়েছে, আচমকা প্রেশার বেড়ে যায় মন্ত্রীর। সেই কারণেই অসুস্থবোধ করেন তিনি। মুখ্যমন্ত্রী তড়িঘড়ি চিকিৎসকদের ডেকে পাঠানোর নির্দেশ দেন। চিকিৎসক সঙ্গে সঙ্গে গিয়ে মন্ত্রীকে পরীক্ষা করেন ও ওষুধ দেন। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।
তাঁকে রক্তচাপ কমার ওষুধ দেওয়া হয়েছে মন্ত্রীকে। জানা গিয়েছে, আপাতত মন্ত্রীর অবস্থা অনেকটাই স্থিতিশীল। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করছেন। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
কিছুদিন আগেই মাছের দাম নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিপ্লব রায়চৌধুরীকে। মাছের দাম কমছে না কেন, প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। ২ বছরের বেশি সময় ধরে মৎস্য দফতরের মন্ত্রী হিসেবে রয়েছেন তিনি।