৪২৮ কোটির ক্ষতি, তারপরও চড়চড়িয়ে বাড়ল Ola Electric-এর শেয়ারের দাম! কেন? – Bengali News | Despite a loss of Rs 428 crore, Ola Electric’s share price still soared! Why?
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের দিনই হুহু করে বাড়ল ওলার শেয়ারের দাম। গত এক বছরে সংস্থার রাজস্ব যদিও কমে গিয়েছে প্রায় ৫০ শতাংশ। ১ হাজার ৬৪৪ কোটি থেকে রাজস্ব কমে হয়েছে ৮২৮ কোটি টাকা। যদিও চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থার কর, সুদ, মূল্যহ্রাস ও ঋণ পরিশোধ পূর্ববর্তী আয় (EBITDA) প্রথমবারের জন্য শূন্যের উপরে উঠেছে। যা সংস্থার জন্য একটি দারুণ খবর।
ওলার থার্ড জেনারেশনের স্কুটার, রোডস্টার বাইক, ব্যাটারির সেল বা মুভ ওএস সফটওয়্যার এই EBITDA বৃদ্ধিতে প্রভাব রেখেছে। এর সঙ্গে ওলার খরচ কমানোর যে পরিকল্পনা তা সাফল্য লাভ করায় চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থার পরিচালন ব্যায় কমে হয়েছে প্রায় ১০৫ কোটি টাকা। গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে এই খরচ ছিল প্রায় ১৭৮ কোটি টাকা। এই সবের কারণে ওলা মনে করছে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেও সংস্থার EBITDA ভালই থাকবে ও তা গোটা বছরে অন্তত ৫ শতাংশ বৃদ্ধি পাবে।
সংস্থার ব্যালেন্স শিট বলছে জুন মাসের শেষে সংস্থার হাতে প্রায় ৩ হাজার ১৯৭ কোটি টাকা রয়েছে। ফলে, এই সংস্থার আগামীতে কাজ চালিয়ে যাওয়ার জন্য কোনও বাড়তি টাকার প্রয়োজন হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ওলার এই এগিয়ে চলা বিনিয়োগকারীদের মনে আশার সঞ্চার করছে। আর এই কারণেই চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ হওয়ার পরই চড়চড়িয়ে বেড়েছে সংস্থার শেয়ারের দাম। তবে, বিশেষজ্ঞরা এখনও বলছেন ওলা তার এই উত্থানের গতি কতটা ধরে রাখতে পারে, সেটাই দেখার। এই গতি যদি একই রকম না থাকে তাহলে সেটা বিনিয়োগকারীদের জন্য ঝুঁকির হতে পারে।