সৌমিত্র গুপী গাইন হতে চাইলেও, সত্যজিৎ সটান না বলে দেন এই কারণে… – Bengali News | Untold story of soumitra chatterjee and satyajit rays gupi gayen bagha bayen
ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের সিনে কেরিয়ার জুড়ে যে সত্যজিৎ রায় অনেকটাই জুড়ে রয়েছে তা কোনওভাবেই অস্বীকার করা যায় না। এমনকী, খোদ সৌমিত্র চট্টোপাধ্যায়ই বলেছেন, সত্যজিৎই ছিলেন তাঁর প্রধান মেন্টার। এমনকী, সিনেপাড়ায় সৌমিত্রকে কখনও ডাকা হত অপু বলে, কখনও আবার ডাকা হত সত্যজিতে মানসপুত্র নামেও। কিন্তু স্নেহের পাত্র সৌমিত্রকেও শুনতে হয়েছিল সত্যজিতের না শব্দ! হাজার আবদারের পরেও, সৌমিত্রকে ছবিতে নেননি সত্যজিৎ। সৌমিত্রর মুখের উপরই সত্যজিৎ জানিয়ে দিয়েছিলেন, এই ছবি তোমার দ্বারা হবে না!
সময়টা ছয়ের দশকের শেষের দিকে, সত্য়জিৎ রায় তৈরি করে ফেলেছেন গুপী গাইন বাঘা বাইন ছবির চিত্রনাট্য। বাঘার চরিত্রে রবি ঘোষ ঠিক হয়ে গেলেও, গুপীকে তখনও খুঁজছেন সত্যজিৎ। ঠিক সেই সময়, গুপী চরিত্রে অভিনয় করার সাধ নিয়ে সত্যজিতের কাছে গেলেন সৌমিত্র। সত্যজিৎকে স্পষ্টই বললেন, গুপীর চরিত্রটা তাঁকে দিতে। সৌমিত্রর মুখে এই কথা শুনে একটুও সময় নষ্ট করেননি সত্যজিৎ। সটান সৌমিত্রকে বলেন, এই ছবি তোমার জন্য নয়। তুমি একেবারেই গুপী হতে পারবে না। সৌমিত্র এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গুপীর চরিত্র না দেওয়ার কারণে সত্যজিতের উপর খুবই অভিমান করেছিলেন সৌমিত্র। তবে সিনেমা দেখার পর সৌমিত্র বুঝতে পেরেছিলেন তপেন চট্টোপাধ্যায়ই গুপীর জন্য ছিলেন পারফেক্ট। মানিকদা যে তাঁকে না নিয়ে ঠিকই করেছিলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তা স্বীকার করে গিয়েছেন সত্যজিতের মানসপুত্র সৌমিত্র।