‘আমাকেই লাথি মেরে বার করে দিল’, শাহিদের জন্যে প্রতারিত ববি? – Bengali News | When bobby deol got shocked after knowing the reality of shahid kapoor movie jab we met
‘অ্যানিমাল’ ছবিতে অভিনয়ের পর থেকেই যেন ববি দেওল আবারও সিনেদুনিয়ার চর্চার কেন্দ্রে জায়গা করে নেন। তাঁকে ঘিরে দর্শকদের আগ্রহ আবারও বেড়েছে অনেকটা। তবে দীর্ঘ কেরিয়ারে অনেক কঠিন অধ্যায় পেড়িয়ে আসতে হয়েছে তাঁকে। কখনও ছবির প্রস্তাব হাত থেকে চলে যাওয়া, কখনও দিনের পর দিন ফাইনাল কথা হয়ে যাওয়ার পরও কাজ না হওয়া সহ্য করতে হয়েছে তাঁকে। একটা কাজের অনুরোধ করেছিলেন তিনি অনেকের কাছেই। তবে খুব একটা সাড়া পাননি কারও থেকে। জানেন ‘জব উই মেট’ ছবির সময়ও একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাঁকে।
এক সাক্ষাৎকারে ববি দেওল জানিয়েছিলেন, জনপ্রিয় ছবি ‘জব উই মেট’ (২০০৭)-এর কাজ মূলত তাঁর হাত ধরেই শুরু হয়েছিল। পরিচালক ইমতিয়াজ আলি তখন বলিউডে নতুন, তাঁর একটি অসম্পূর্ণ ছবি দেখে ববি মুগ্ধ হয়েছিলেন এবং তাঁকে নতুন একটি স্ক্রিপ্ট লিখতে অনুরোধ করেছিলেন। ববির কথায়, “আমি ইমতিয়াজকে বলেছিলাম, ‘তোমার সিনেমা তো অর্ধেক তৈরি, রিলিজও হয়নি। আমার সঙ্গে একটা ছবি করো, স্ক্রিপ্ট লেখো।’
এরপরই নাকি ইমতিয়াজ লেখেন ‘জব উই মেট’। ববি নিজেই উদ্যোগ নিয়ে ছবিটির জন্য প্রযোজক খোঁজেন এবং অষ্টবিনায়ক সংস্থার কাছে প্রস্তাবও নিয়ে যান। প্রযোজক সংস্থা প্রথমে এই ছবি করতে রাজি ছিল না। পরে তাঁরা করিনা কাপুর-কে কাস্ট করতে চান। সেই সময় করিনা স্ক্রিপ্ট পছন্দ না করায় প্রীতি জিন্টা-র সঙ্গেও কথা বলেন ববি। অনেক চেষ্টার পরেও, শেষমেশ যাঁদের নিয়ে ছবিটি করার কথা ছিল, তাঁদের বাদ দিয়ে, করিনা কাপুর ও শাহিদ কাপুর-কে নিয়ে তৈরি হয় ‘জব উই মেট’।
সাক্ষাৎকারে ববি দেওল বলেন, “আমি যে প্রযোজকের কাছে ইমতিয়াজকে নিয়ে গিয়েছিলাম, সে-ই পরে ওকে নিয়ে ছবি করল। কিন্তু আমাকেই লাথি মেরে বার করে দিল। পরে শাহিদ আর করিনাকে নিয়ে হল ছবিটা।”