‘সত্যজিত্ রায় ডেকেছিলেন, কিন্তু তারপর…’, দোলন কেন নায়িকা হলেন না – Bengali News | Why couldn’t Dolon Roy become a heroine
দোলন রায় ভালো অভিনেত্রী। বহু বাংলা ছবি আর ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তবে বাংলা ছবির নায়িকা হয়ে উঠতে পারেননি। একবার শাশ্বত চট্টোপাধ্যায় এই বিষয়ে দোলনকে প্রশ্ন করেছিলেন। তখন দোলনের পাশে বসে ছিলেন তাঁর বর দীপঙ্কর দে। দোলন রায় কোনও রাখঢাক না করেই বলেন, ”আমি মনে করি, আমার ভাগ্য নায়িকা হওয়ার মতো ছিল না। কিংবদন্তি পরিচালক সত্যজিত্ রায় আমাকে ডেকে ছিলেন। ছবি নিয়ে দেখা করতে বলেছিলেন। আমি যেদিন ছবি নিয়ে দেখা করতে যাওয়ার জন্য প্রস্তুত, সেদিন উনি নার্সিংহোমে ভর্তি হলেন। আর ফিরে এলেন না।”
দোলন যোগ করলেন, ”তরুণ মজুমদারের মতো নামী পরিচালকের ছবিতে প্রথমে আমি একটা পার্শ্বচরিত্রে কাজ করেছিলাম। তারপর একটা ছবি করি ওঁর পরিচালনায়, যেখানে আমি নায়িকা ছিলাম। কিন্তু সেই ছবিটাই মুক্তি পায়নি। তনুবাবুর জীবনে এরকম ছবি মনে হয় আর নেই। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে বহুবার কাজ করার কথা হয়েছে। কিন্তু কোনও না কোনও কারণে হয়নি।”
এখন যেসব পরিচালকরা কাজ করছেন, তাঁদের নিয়ে দোলনের গলায় ছিল অভিযোগের সুর। অভিনেত্রী বললেন, ”সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় বা কমলেশ্বর মুখোপাধ্যায়, এখন যাঁরা নিয়মিত কাজ করছেন, তাঁদের থেকেও ডাক পাইনি। অরিন্দম (শীল) আমার পুরোনো দিনের বন্ধু। আগে এমন ছিল, আমি ধারাবাহিক করলে ওঁকে থাকতেই হবে। কিন্তু সেই অরিন্দম যখন ছবি করলো, তখন আমাকে অভিনয় করতে ডাকেনি।” সব মিলিয়েই দোলন মনে করেন, তাঁর ভাগ্যই নায়িকা হওয়ার মতো সুযোগ করে দেয়নি।