Tarakeshwar: তারকেশ্বরে বড় বৈঠক করে ফেলল মমতার ৭ মন্ত্রীর টিম – Bengali News | 7 state ministers held a big administrative meeting on the occasion of Srabani Mela in Tarakeswar
তারকেশ্বর: ১০ জুলাই শুরু হয়ে যাচ্ছে শ্রাবণী মেলা। শেষ মুহূর্তে তারকেশ্বরে বড় বৈঠকে বসল প্রশাসন। বৈঠকে বসলেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুজিত বসু, পুলক রায়, ইন্দ্রনীল সেন, বেচরাম মান্না, স্নেহাশিস চক্রবর্তীরা। প্রসঙ্গত, এই ৭ মন্ত্রীর টিমের কাঁধেই ছিল দিঘার জগন্নাথ মেলার দায়িত্ব। এবার তাঁদেরই শ্রাবণী মেলার দায়িত্ব সঁপেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তারকেশ্বরে একটি গেস্ট হাউসে হয় এই প্রশাসনিক বৈঠক।
সাত মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার,জেলা সভাধিপতি, মহকুমা শাসক সহ একাধিক ব্লকের ব্লক আধিকারিক, এবং একাধিক ব্লকের বিধায়করা। এছাড়াও উপস্থিত ছিলেন,পূর্ত দফতর, বিদ্যুৎ, দমকল, স্বাস্থ্য এবং বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা।
ইতিমধ্যেই বৈদ্যবাটি, শেওড়াফুলি, নিমাইতীর্থ-সহ ১৬টি ঘাটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কারণ এই ঘাটগুলি থেকেই সবথেকে বেশি সংখ্যক পুণ্যার্থীরা জল নিয়ে হাঁটা দেন তারকেশ্বরের উদ্দেশ্যে। জোরদার করা হয়েছে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা। গঙ্গায় ব্যারিকেড ও জালের ব্যবস্থা করা হয়েছে দুর্ঘটনা এড়াতে। শৌচাগার, পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা যেমন করা হয়েছে তেমনি মোতায়েন থাকছে মেডিক্যাল টিম। পাশাপাশি নজরদারির জন্য লাগানো হয়েছে সিসিটিভি। একদিকে যেমন নজরদারি চালাবে চন্দননগর পুলিশ কমিশনারেট, অন্যদিকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে হুগলি গ্রামীন পুলিশও। পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের পাশাপাশি বাইক অ্যাম্বুলেন্স ও লঞ্চ অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে। এদিন সামগ্রিক বিষয় নিয়েই বৈঠকে কথা হয় বলে খবর।