মহরমের মিছিল থেকে তুলসি মঞ্চে হামলার অভিযোগ শুভেন্দু অধিকারীর
মহেশতলায় তুলসি মঞ্চে হামলার অভিযোগে গোষ্ঠী সংঘর্ষের পর এবার একই অভিযোগ উঠল নন্দীগ্রামে। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, মহরমের মিছিল থেকে নন্দীগ্রামের আসাদতলায় তুলসি মঞ্চের ওপর আক্রমণ হয়েছে। পালটা প্রতিরোধের মুখে পুলিশের সাহায্যে আলো বন্ধ করে পালাতে বাধ্য হয়েছে হামলাকারীরা।
সোমবার বিকেলে নন্দীগ্রামের বয়ালে বিজেপির কন্যা সুরক্ষা যাত্রার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, ‘মহরমে যে তাণ্ডব করেছে, ভাবতে পারবেন না। এখানে আসাদতলায় তুলসি গাছ ভেঙেছে। পেয়ারা গাছ যখন কাটে কেউ বাধা দেয়নি। কিন্তু তুলসি গাছে হাত দেওয়ার পরে যা শিক্ষা দেওয়ার দিয়েছে। এটা বাংলাকে করতে হবে। মাইক বন্ধ করে, ঢোল বন্ধ করে, আলো নিভিয়ে পুলিশকে নিয়ে মাথা নিচু করে অন্ধকার দিয়ে ২ জন করে পার করতে হয়েছে। ছবিটা আছে। কালকে বিকেলে প্রকাশ করে দেব।’
বলে রাখি, গত মাসে কলকাতা লাগোয়া মহেশতলা পুরসভা এলাকায় রবীন্দ্রনগর থানার ঠিক পাশে তুলসি মঞ্চের ওপর আক্রমণের অভিযোগে গোষ্ঠীদ্বন্দ বাঁধে। বিজেপির অভিযোগ, আক্রমণকারীরা একের পর এক হিন্দুদের দোকান ও বাড়ি ভাঙচুর করে। বাড়িতে ঢুকে শ্লীলতাহানি করা হয় হিন্দু মহিলাদের। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া শুরু করে হামলাকারীরা। দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেই ঘটনার পর এবার বিরোধী দলনেতার কেন্দ্রে তুসলি মঞ্চে হামলার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী নিজে।