Howrah: সাতসকালে হাওড়া পৌরনিগমের ভিতর ভয়াবহ ঘটনা, প্রাণ গেল ২ জনের – Bengali News | Two persons died after a tree fell on them in Howrah Municipality
গাছ ভেঙে পড়ে ২ জনের মৃত্যু হয়েছেImage Credit source: TV9 Bangla
হাওড়া: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা হাওড়া পৌরনিগমের ভিতর। গাছ ভেঙে পড়ে মৃত্যু হল ২ জনের। মৃতদের নাম উমেশ মাহাতো ও নুর মহম্মদ। তাঁরা হাওড়া পৌরনিগমের অস্থায়ী। সাতসকালে এই দুর্ঘটনায় পৌরনিগমে শোরগোল পড়ে যায়।
হাওড়া পৌরনিগমের মুখ্য পৌর প্রশাসকের দফতরের সামনে একটি ইউক্যালিপটাস গাছ এদিন সকালে আচমকা ভেঙে পড়ে। সেইসময় সেখানে ছিলেন পৌরনিগমের দুই অস্থায়ী কর্মী উমেশ ও নুর। গাছটি তাঁদের উপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন পৌরনিগমের আধিকারিকরা। মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা গাছটি সরানোর কাজ শুরু করেছেন।
পৌরনিগমের কর্মীরা বলছেন, ইউক্যালিপটাস গাছটি অনেকদিন ধরে হেলে ছিল। যেকোনও সময় ভেঙে পড়ার আশঙ্কা ছিল। এদিন সাতসকালে আচমকা গাছটি ভেঙে পড়ে। যদি অফিস টাইমে গাছটি ভেঙে পড়ত, তাহলে আরও ক্ষয়ক্ষতি হতে পারত বলে আশঙ্কা করছেন তাঁরা। প্রশ্ন উঠছে, গাছটি এতদিন হেলে থাকলেও কেন তা কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়নি?
