Nursing Home: অপারেশন টেবিলই মৃত্যু মায়ের, ৩ দিনের মধ্যে মৃত্যু সদ্যজাতের! ক্লোজ করা হল মালদহের নার্সিংহোমকে – Bengali News | Mother dies on the operating table, newborn dies within 3 days, Malda nursing home closed
উঠেছিল গুরুতর অভিযোগ Image Credit source: TV 9 Bangla
মালদহ: অপারেশন থিয়েটারের মধ্যেই হাত, পা বেঁধে প্রসূতির সিজারের অভিযোগ উঠেছিল। শেষ পর্যন্ত চরম পরিণতি হয়েছিল প্রসূতির। দুর্বিষহ যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন তিনি। গুরুতর অভিযোগ উঠেছিল মালদহের এক নার্সিংহোমের বিরুদ্ধে। টিভি ৯ বাংলা সেই খবর সামনে আনতেই নড়েচড়ে বসলেন প্রশাসনের কর্তারা। চাপানউতোর শুরু হতেই শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল ক্লিনিক্যাল এসট্যাবলিসমেন্ট লাইসেন্স। ক্লোজ করা হল নার্সিংহোমকে। বাদ পড়ল স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতা থেকেও। সঙ্গে ৫ লক্ষের জরিমানা।
মালদহের কালিয়াচকে রয়েছে এই নার্সিংহোম। বিতর্ক দানা বাঁধতেই অ্যাকশন নিতে শুরু করে দেয় জেলা প্রশাসন, স্বাস্থ্য দফতর। সন্তান প্রসবের পরেই মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন ওই যুবতী। কিন্তু, অভিযোগ মৃত্যুর পরেও সেই খবর জানানো হয়নি তাঁর পরিবারকে। তিনদিনের মধ্যে প্রাণ হারিয়েছিল সদ্যজাত পুত্র সন্তান। ২৪ বছরের মৃত যুবতীর নাম ফুলটুসি খাতুন। ঝাড়খণ্ডের মির্জাপুরের বাসিন্দা। ফুলটুসির মৃত্যুর পর তাঁর স্বামী মিজান শেখ নার্সিংহোমের বিরুদ্ধে তুলেছিলেন এই গুরুতর অভিযোগ। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন।
তদন্ত শুরুতেই নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি হওয়া রোগীদের নথিপত্রেও একাধিক গড়মিল ধরা পড়ে। ডিস্ট্রিক্ট সার্ভেল্যান্স টিমের রিপোর্টের ভিত্তিতে শুনানিতে ডাকা হয় ওই নার্সিংহোম কর্তৃপক্ষকে। শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল নার্সিংহোমের লাইসেন্স। পাশাপাশি ওই নার্সিংহোমকে স্থায়ীভাবে স্বাস্থ্যসাথীর তালিকা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে।