Nishikant Dubey: রাশিয়া থেকে টাকা পেয়েছে কংগ্রেস সাংসদরা, ভারতে অবাধ যাতায়াত KGB-র! বিস্ফোরক তথ্য – Bengali News | Nishikant Dubey Alleges Congress MP Received Russian Funding
নয়াদিল্লি: সোভিয়েত রাশিয়ার সঙ্গে মাখোমাখো সম্পর্ক ছিল কংগ্রেস নেতৃত্বের। চলত টাকার লেনদেন। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ-র একটি রিপোর্ট তুলে ধরে এমনই অভিযোগ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
সাংসদের অভিযোগ, সোভিয়েত কালে ১৫০-এর বেশি কংগ্রেস সাংসদ রুশের টাকায় ‘পুষ্ট’ হয়েছেন। এমনকি, সেই অর্থের বিনিময়ে ভারতে রুশ গোয়েন্দাদের অবাধ যাতায়াতের অলিখিত অনুমোদন দিয়েছিল কংগ্রেস সরকার।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে নিশিকান্ত লিখেছেন, ‘কংগ্রেস দুর্নীতি ও দাসত্বের রাজ। ২০১১ সালে সেই নিয়ে CIA একটি রিপোর্ট প্রকাশ করেছিল। যাতে তারা জানিয়েছিল, কীভাবে কংগ্রেস জমানায় হরিকৃষ্ণ লাল ভগত-সহ ১৫০ জন কংগ্রেস সাংসদ সোভিয়েত রাশিয়ার থেকে আর্থিক অনুদান হাঁকাতো।’
তাঁর সংযোজন, ‘এই অনুদানের তালিকায় শুধু সাংসদরাই নয়। ছিলেন বহু কংগ্রেস-ঘেঁষা সাংবাদিকও। যারা অর্থের বিনিময়ে রাশিয়ার হয়ে খবর প্রকাশ করত। এছাড়াও হাজারের অধিক কেজিবি গোয়েন্দা এই সময়কালে ভারতের অন্দরে অবাধ যাতায়াত করত। প্রশাসন থেকে পাড়ার নেতা, সবাইকে নিজেদের পকেটে রাখত এই গোয়েন্দারা।’ এরপরেই আরও এক স্বাধীনতা সংগ্রামী তথা কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে নিশিকান্ত বলেন, ‘শুভদ্র যোশী, জার্মান সরকারের থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিল। কিন্তু পরে পরাজিত হয়ে ইন্দো-জার্মান ফোরামের সভাপতি হয়ে যান। ভারত কি কোনও দাস? কংগ্রেস উত্তর দিক।’
