‘১৮ বছরের টুকটুকি চাই না…’, ২০২৬-এর মাঝামাঝি বিয়ে করতে চান রুদ্রনীল – Bengali News | Rudranil Ghosh spoke about his wedding plans
৫০ বা ৫০ বছরের পর বিয়ের পিঁড়িতে বসছেন অনেকেই। অভিনেতা-রাজনীতিক রুদ্রনীল ঘোষ এখনও বিয়ে করেননি। তাই তাঁর কাছে ঘুরেফিরে বিয়ে নিয়ে প্রশ্ন আসে। এবার একটা পডকাস্টে রুদ্রনীলকে প্রশ্ন করা হয়েছে, রুদ্রনীল ঘোষ কবে বিয়ে করছেন? উত্তরে অভিনেতা বলেছেন, ”ইচ্ছে হলেই করে ফেলব।” রুদ্রনীল কি পাত্রী খুঁজে পেয়েছেন? অভিনেতা জানিয়েছেন, তিনি পাত্রী খুঁজে পাননি। কেমন পাত্রী পছন্দ তাঁর?
রুদ্রনীল উত্তর দিলেন, ”যিনি পরিশ্রম করে রোজগার করতে জানেন। যিনি ঘামের দাম বোঝেন।” এরপর রুদ্রনীল যোগ করেছেন, ”এটা তুকতাক করার মতো। ঘরের মানুষই তো পর হয়। আবার পরের মানুষই ঘর। কোন সম্পর্ক টিকবে, তার তো গ্যারান্টি দেওয়া যায় না। তবে প্রচুর কথাকাটাকাটি যেন না হয়। যে মানুষটা পরিশ্রম নিজে করতে পারেন, আর অন্যের পরিশ্রমকে সম্মান করতে পারেন, যাঁর সেই পরিণত মন রয়েছে, এমন কোনও মানুষের সঙ্গে সম্পর্ক হতে পারে। আর আমার তো ২২-২৩ বছর বয়স নয়। ১৮ বছরের টুকটুকিকে খুঁজতে যাব না। দেখি ২০২৬-এর মাঝামাঝি যদি কোনও সময় আসে। না হলে পরে হবে। বিয়েটা তো বাড়িতে জনসংখ্যা বাড়ানোর জন্য নয়। বিয়ে অনেক বেশি আন্তরিক।”
লক্ষণীয় এই মুহূর্তে বিজেপি-র সঙ্গে জড়িত থাকার কারণে রাজনৈতিক কাজ নিয়ে রুদ্রনীলের ব্যস্ততা তুঙ্গে। তার উপর অভিনয়ের কাজেও অনেকটা সময় ব্যয় করতে হচ্ছে অভিনেতাকে। যাবতীয় ব্যস্ততা সামলে ব্যক্তিগত জীবনকে আরও গোছানোর জন্য রুদ্রনীল কোনও পদক্ষেপ করেন কিনা, সেটা দেখার অপেক্ষায় তাঁর টলিপাড়ার বন্ধুরা।