কলকাতা পুলিশ নাকি সিবিআই কার উপর আস্থা? মুখ খুললেন কসবার নির্যাতিতার আত্মীয় - 24 Ghanta Bangla News
Home

কলকাতা পুলিশ নাকি সিবিআই কার উপর আস্থা? মুখ খুললেন কসবার নির্যাতিতার আত্মীয়

Spread the love

কসবার আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে রাজ্য পুলিশ। চারজনকে গ্রেফতারও করা হয়েছে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল নিজেই জানিয়েছেন তিনি এই ঘটনায় সিবিআই তদন্ত চান না। তিনি চান রাজ্য পুলিশই এই ঘটনার তদন্ত করুক।

তবে এবার প্রশ্ন উঠছে নির্যাতিতার পরিবার কী চাইছে? তাদের কি রাজ্য পুলিশের তদন্তে আস্থা রয়েছে? নাকি তারা চাইছেন এবার তদন্তে নামুক সিবিআই?

এবার এনিয়ে মুখ খুলেছেন নির্যাতিতা ছাত্রীর মামা। তিনি রবিবার জানিয়েছেন, ‘কলকাতা পুলিশের তদন্তে আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা সিবিআই চাই না।’

আপনারা কী শাস্তি চাইছেন? সেই প্রশ্নের উত্তরে নির্যাতিতার আত্মীয় জানিয়েছেন ‘তাঁরা সর্বোচ্চ শাস্তি চাইছেন।’ আরজি করের প্রসঙ্গ উল্লেখ করে প্রশ্ন করার পরেও তিনি সাফ জানিয়ে দেন, ‘কলকাতা পুলিশেই তাঁদের আস্থা রয়েছে।’

এমনকী জাতীয় মহিলা কমিশন থেকেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সেই প্রসঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, ‘জাতীয় মহিলা কমিশন দেখা করতে আসুক। কিন্তু আপনি আসবেন আর সঙ্গে ২০০ সাংবাদিক আসবেন এটা চাই না।’

এদিকে মদন মিত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় পৃথকভাবে এই কসবাকাণ্ডকে ঘিরে এমন মন্তব্য করেছেন যার জেরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে দল। তবে এনিয়ে নির্যাতিতার আত্মীয় অবশ্য় কোনও মন্তব্য করতে চাননি।

কী চান সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘তদন্ত হোক। শাস্তি পাক।’এমনকী নির্য়াতিতার শারীরিক পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঠিকই তো পরীক্ষা হয়েছে।’ সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ‘কোথাও কোনও হুমকি নেই। প্রশাসনের উপর আস্থা রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *