'উত্তরপ্রদেশের গ্রামে রাত ৮টার পরে…' লকেট, অগ্নিমিত্রাকে চ্যালেঞ্জ দেবাংশুর - 24 Ghanta Bangla News
Home

‘উত্তরপ্রদেশের গ্রামে রাত ৮টার পরে…’ লকেট, অগ্নিমিত্রাকে চ্যালেঞ্জ দেবাংশুর

Spread the love

কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই সেই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে বিজেপি। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলনে নেমেছে গেরুয়া শিবির। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তারা। অন্যদিকে থেমে নেই তৃণমূলও। কসবার ঘটনার নিন্দা করছে তৃণমূল। সেই সঙ্গেই বিজেপির কটাক্ষের জবাব দিতে ভিনরাজ্যের নানা প্রসঙ্গ টেনে আনছেন তৃণমূলের নেতা নেত্রীরা।

এবার তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়, অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্য়ায়কে নিশানা করে। দেবাংশুর চ্যালেঞ্জ, উত্তরপ্রদেশের কোনও গ্রামে রক্ষী ছাড়া রাতের অন্ধকারে ১ কিমি হেঁটে দেখান। সেই সঙ্গে রাতেও বাংলার মেয়েরা রাস্তায় কতটা নিরাপদ সেটা ফলাও করে জানিয়েছেন দেবাংশু।

তবে দেবাংশুর এই চ্যালেঞ্জকে অবশ্য় বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব।

দেবাংশু বলেন, আমি চ্যালেঞ্জ করছি বাংলার নারীর নিরাপত্তা নিয়ে বিজেপি বড় বড় কথা বলছে, উত্তরপ্রদেশের কোনও একটি গ্রামে রূপা দেবী, লকেট দেবী, অগ্নিমিত্রা দেবী সিকিউরিটি ছাড়া যান, রাত ৮টার পরে একা একা ১ কিমি হেঁটে দেখান যদি সুস্থ হয়ে বাড়ি ফেরেন তাহলে বলব আপনার কথার দাম আছে। উত্তরপ্রদেশে, মধ্য়প্রদেশে, বিহারে রাতে বাড়ির বাইরে বের হতে পারেন না। কিন্তু এই বাংলায় মহিলারা রাত ২টোর পরেও বাড়ি ফিরতে পারেন। দাবি দেবাংশুর।

কার্যত দেবাংশু একেবারে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপি নেত্রীদের লক্ষ্য করে। তাঁর স্পষ্ট কথা, রাত ৮টার পরে উত্তরপ্রদেশের কোনও গ্রামে বিজেপির নেত্রীকে একা একা এক কিমি যেতে হবে।

একদিকে বাংলার নারীর নিরাপত্তা কতটা রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপির নেতা নেত্রীরা। রাস্তায় নেমে চলছে প্রতিবাদ আন্দোলন। সারারাত লালবাজারে কাটিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কসবাকাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। আর সেই সময় বিজেপির তিন নেত্রীকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দেবাংশু।

তবে শেষ পর্যন্ত বিজেপির নেত্রীরা এই চ্যালেঞ্জকে গ্রহণ করবেন কি না সেটা জানা যায়নি। তবে দেবাংশুর মন্তব্যকে কার্যত গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তীব্র কটাক্ষ করেছেন ও বিঁধেছেন দেবাংশুকে।

এদিকে কসবার আইন কলেজে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে অস্বস্তি ক্রমশ বাড়ছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইতিমধ্য়েই এনিয়ে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *